সময় কলকাতা ডেস্ক, ৪ ফেব্রুয়ারি: বাঙালি মানেই জানে মাছের রাজা ইলিশ। তাই বাজারে ৫০০ গ্রামের মাপে ছোট ইলিশের দামও ৬০০-৭০০ টাকা কেজি। সেখানে যদি ২৫ টাকায় একজোড়া ইলিশ মাছ পাওয়া যায় তাহলে তো কথাই নেই। সেই দোকানের সামনে লম্বা লাইন পড়বে সেটা অবাক হওয়ার কিছু নেই। কেউ কেউ আবার এই দাম শুনে পাগলের প্রলাপ বলে হেসেই উড়িয়ে দেবেন। কিন্তু না, এই খবর একেবারে সত্যি। তবে আমার আপনার বাড়ির কাছে এই দোকান পাবেন না। কারণ এত স্বল্পমূল্যে ইলিশ মাছ বিক্রি হচ্ছে বাংলাদেশে।

জানা গিয়েছে, বাংলাদেশের ঢাকা শহরের কাছেই একটি গ্রাম আছে, যার নাম দক্ষিণথান। সেখানেই পাটোয়ারি স্টোর নামে একটি দোকানে খুবই স্বল্প মূল্যে বিভিন্ন সামগ্রী পাওয়া যায়। আসলে এই দোকানের মালিক হলেন মহম্মদ জুয়েল। তিনিই মানব সেবার উদ্দেশ্যে এই দোকান চালান। শুধুই কি ইলিশমাছ? এই দোকানে মাছ ছাড়াও মসলাপাতি ও কিছু মুদি সামগ্রী নামমাত্র মূল্যে পাওয়া যায়। যেমন, শুটকি মাছ ৫ টাকা কেজি, তেলাপিয়া মাছ ১৫ টাকায় বা রুই মাছ ৪০ টাকায় বিক্রি করেন জুয়েল। এছাড়া ১ টাকায় মুড়ি, ২ টাকায় চিনি, ১ টাকায় লবন, ৩ টাকায় চা পাতা, ৫ টাকায় ডালের মতো সামগ্রী বিক্রি হয়।

এত কম দামে এই সমস্ত সামগ্রী বিক্রি করেন কেন? এই প্রশ্নের উত্তরে মহম্মদ জুয়ের জানিয়েছেন, ঢাকার এই অংশের মানুষজন খুবই গরীব, কার্যত দিন আনে দিন খায়। তাঁরা দুবেলা দু’মুঠো ভাত জোগাড় করতে পারলেও মাছ-মাংস খাওয়ার বিলাসিতা করতে পারেন না। তাই এখানকার পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে ছোট ছোট প্যাকেটে মুড়ি, চিড়ে, মসলাপাতি খুবই অল্প দামে বিক্রি করার চেষ্টা করি। বিশেষ করে করোনার আক্রমণের পর থেকে মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। তাই যার যতটুকু প্রয়োজন, ততটুকুই যাতে কিনতে পারেন সেই চেষ্টা করেছি আমি, মন্তব্য জুয়েলের। ফলে কেউ চাইলেই এই দোকান থেকে বেশি জিনিসপত্র কিনতে পারবেন না। যার পরিবারে যত সদস্য, সেই মতোই সামগ্রী বিক্রি হয় ঢাকার অদূরে দক্ষিণথান গ্রামের পাটোয়ারি স্টোরে।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ