সময় কলকাতা ডেস্ক, ৬ ফেব্রুয়ারি: সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় আগুন লাগার ঘটনা। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়ে এক টায়ারের শোরুমে আগুন লেগে যায়। দোকানের কর্মচারিরা আচমকা ধোঁয়া দেখতে পেয়ে দমকলে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোকানের অন্যত্র। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। পরে আরও চারটি ইঞ্জিন পাঠানো হয়েছে আগুন নেভানোর জন্য। জানা যাচ্ছে এক প্রৌঢ় ওই শোরুমের ভিতর আটকে ছিলেন। দমকলকর্মীরা তাঁকে নিরাপদে বের করে আনতে সক্ষম হয়েছেন। দোকানটি যেহেতু টায়ারের মতো দাহ্য পদার্থে ঠাসা, তাই আগুন নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। আপাতত ৬টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছে।

সোমবার দিনের ব্যস্ত সময়ে এক্সাইড মোড়ের মতো এলাকায় আগুন লাগায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই টায়ারের শোরুমের আশেপাশের দোকানগুলিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে বিশেষ নজর রাখছেন দমকলকর্মীরা। টায়ার পোড়ার কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে এলাকা। তবে দোকানটি বন্ধ থাকায় প্রাথমিকভাবে সমস্যা হয়েছিল দমকলকর্মীদের। দোকানের কাঁচ ভেঙে আগুনের উৎস খুঁজতে হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে, আপাতত নিয়ন্ত্রনে আগুন। পকেট ফায়ারগুলি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা