সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি: কয়েকদিন আগেই ভাটপাড়া থানা এলাকার কাঁকিনাড়া ও জগদ্দল স্টেশনের মাঝে রেললাইনের ধারে পাওয়া গিয়েছিল কৌটো বোমা। এবার দিনে-দুপুরে শ্যুটআউটের ঘটনা সামনে এল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার দুপুরে ভাটপাড়া থানার ফিঙ্গাপাড়া এলাকায় একটি ইট ভাটায় গুলি চলার শব্দ পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গেই তাঁরা ছুঁটে গিয়ে দেখেন এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পাশেই একটি পড়ে ছিল একটি আগ্নেয়াস্ত্র। এরপরই খবর দেওয়া হয় ভাটপাড়া থানায়। খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী ছুটে যায় ওই ইটভাটায়। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে. গুলিবিদ্ধ অবস্থায় মৃত যুবকের নাম অরবিন্দ প্রসাদ (৩৬)। তাঁর বাড়ি কাছেই ৬৪ পল্লী এলাকায়। ওই যুবকের পকেট থেকে একটি কার্তুজ ও কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে। তবে কোনও সুইসাইড নোট পাওয়া গিয়েছে কিনা তা জানাননি তদন্তকারী আধিকারিকরা। স্থানীয়দের দাবি, মৃত অরবিন্দ প্রসাদের কাপড়ের ব্যবসা ছিল কলকাতা মেটিয়াবুরুজ এলাকায়। তবে মাস দুয়েক হল সেই ব্যবসা বন্ধ রয়েছে। কিন্তু এটা সুইসাইড নাকি খুন সেই ব্যাপারে নিশ্চিন্ত নয় পুলিশ। ব্যবসায়ীক কারণে ওই যুবক নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছে নাকি ইটভাটার ফাঁকা জায়গায় তাঁকে নিয়ে গিয়ে কেউ খুন করেছে তা জানতে শুরু হয়েছে তদন্ত। তবে ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফিঙ্গাপাড়া এলাকায়।


More Stories
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের