Home » ‘ত্রিপুরায় হোটেলেই সীমাবদ্ধ তৃণমূল’, কটাক্ষ দিলীপের

‘ত্রিপুরায় হোটেলেই সীমাবদ্ধ তৃণমূল’, কটাক্ষ দিলীপের

সময় কলকাতা ডেস্ক, ১৩ ফেব্রুয়ারি: সদ্য ত্রিপুরার নির্বাচনী প্রচার সেরে রাজ্যে ফিরেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সোমবার তিনি দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরে। সেখানেই তিনি ত্রিপুরা বিধানসভা ভোটে তৃণমূলের অংশ নেওয়াকে কটাক্ষ করলেন স্বভাবসুলভ ভঙ্গিমায়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি সাংসদ বলেন, ত্রিপুরার নির্বাচনে তৃণমূল একটি হোটেলেই সীমাবদ্ধ। এই রাজ্য থেকে কিছু নেতা ডেইলি প্যাসেঞ্জারি করছে মাত্র।

তাঁর আরও দাবি, ত্রিপুরার নির্বাচনে কোনও ছাপ ফেলতে পারবে না তৃণমূল কংগ্রেস। অপরদিকে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক নিয়ে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেন নিয়ম করে। কিন্তু প্রশাসনিক কর্তারা কি করেন তাঁর খোঁজ রাখেন না। তাই ১২ বছর পরও মুখ্যমন্ত্রীকে শুনতে হচ্ছে মানুষের কাজ হয়েনি। তাঁর আরও অভিযোগ জঙ্গলমহলের আদিবাসী উপজাতি কুর্মি সমাজের জন্য রাজ্য সরকার কিছুই করেনি।

রাজ্য জুড়ে মহার্ঘ ভাতার দাবিতে সরকারি কর্মীদের কর্মবিরতি চলছে। সেই আন্দোলনকে সমর্থন জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, তিনি আগেই সরকারি কর্মীদের ক্ষোভের কথা বলে ছিলেন। এই আন্দোলনের জেরে সরকার এবার ফাঁপরে পড়বে বলেও মত প্রকাশ করেন দিলীপ ঘোষ। রাজ্য সরকারি কর্মীদের পাশে বিজেপি আছে বলেও জানিয়ে দিলেন এদিন। উত্তরবঙ্গের বিজেপি জনপ্রতিনিধিদের মুখে বাংলা ভাগের কথা উঠে আসছে বারবার। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ এদিন বলেন, বাংলায় উন্নয়ন হয়নি বলেই মন্ত্রীদের বাংলা ভাগের কথা শুনতে হচ্ছে।

তবে তিনি দলীয় বিধায়ক ও সাংসদদের দাবিকে মান্যতা দেননি দিলীপ ঘোষ। তবে তিনি এও বলেন, রাজ্যের মন্ত্রী-বিধায়করা কাজ না করলে এই কথাই শুনতে হবে। উদাহরণ হিসেবে তিনি দাবি করেন, নর্থ ইষ্টে উন্নয়ন হচ্ছে বলে জঙ্গি নেই। এদিন মেদিনীপুর শহরে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ।

About Post Author