সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি: আমরা জানি সারা দেশের চারটি শহরে বসে কুম্ভ মেলা। প্রতি চার বছর অন্তর হয় সনাতন হিন্দু ধর্মের বৃহত্তম এই মেলার আসর। কুম্ভ মেলার চারটি স্থান নির্ধারিত হয় সূর্য ও চন্দ্রের অবস্থানের নিরিখে। যেমন বৃহস্পতি ও সূর্য সিংহ রাশিতে অবস্থান করলে মেলা হয় নাসিকের ত্র্যম্বকেশ্বর মন্দির চত্বরে। সূর্য মেষ রাশিতে অবস্থান করলে হরিদ্বারে, বৃহস্পতি বৃষ রাশিতে এবং সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করলে প্রয়াগে। আর সূর্য বৃশ্চিক রাশিতে অবস্থান করলে উজ্জয়িনীতে মেলা আয়োজিত হয়।

সূর্য ও চন্দ্রের অবস্থান ভেদে প্রতি চার বছর অন্তর কুম্ভ হলেও, ছয় বছর অন্তর অর্ধ কুম্ভও হয়। আবার ১৪৪ বছর পর পর একবার হয় মহা কুম্ভ। যা গত ২০০১ সালে শেষবার আয়োজিত হয়েছিল উত্তরপ্রদেশের প্রয়াগে। কিন্তু এর পরও এক কুম্ভ মেলা ছিল এই ভারতে। যা কালের নিয়মে হারিয়ে গিয়েছিল। সেই মেলা আয়োজিত হতো এই বাংলাতেই। হুগলির বাঁশবেড়িয়া ত্রিবেণী ঘাটে বসত সেই ঐতিহাসিক মেলা। সুখের বিষয়, ৭০৪ বছর পর নতুন করে শুরু হয়েছে ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা।

বাংলার প্রাচীন এই কুম্ভ মেলার ইতিহাস
হুগলির সপ্তগ্রামে রয়েছে ত্রিবেণী সঙ্গম। যা গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থল। কিন্তু কালের নিয়মে যমুনা আজ হারিয়ে গিয়েছে এই অঞ্চল থেকে। সরস্বতী নদী থাকলেও তা ছোট্ট খালে পরিণত আজ। কিন্তু এই ত্রিবেণী সঙ্গমের ধর্মীয় ও ঐতিহাসিক গুরুত্ব কিছুটা কমেনি। একসময় হুগলির সপ্তগ্রাম ছিল বিশাল বড় নদী বন্দর। তখন কলকাতার অস্তিত্বই ছিল না। তারও বহু বছর আগে থেকে এই ত্রিবেণীঘাট হয়ে উঠেছিল সনাতন হিন্দুদের কাছে এক অতি পবিত্র তীর্থক্ষেত্র। বাংলার এই ত্রিবেণী সঙ্গমকে বলা হতো ‘মুক্তবেনী’।

আজ থেকে ৭০০ বছরেরও বহু আগে থেকে সপ্তগ্রামের মুক্তবেনী ত্রিবেণীঘাটে ভিড় জমাতেন। পুণ্যলগ্নে ত্রিবেণী সঙ্গমে স্নান করতেন সাধু সন্তরা। কালক্রমে যা কুম্ভ মেলা হিসেবেই পরিচিতি পেয়েছিল। মহা জাঁকজমকে বসতো সপ্তগ্রামের কুম্ভ মেলা। কিন্তু কালের নিয়মে এই কুম্ভ পথ হারায়। ধীরে ধীরে বিস্মৃতির আড়ালে চলে যায় বাংলার এই কুম্ভ। কিন্তু গত বছর, ৭০৩ বছর পর ছোট করে হুগলির ত্রিবেণীতে নতুন করে শুরু হয় কুম্ভ মেলা। করোনা অতিমারীর পর সেই মেলা বিশেষ জমেনি। এই বছর কিন্তু ফিরল স্বমহিমায়। বলা যায় ৭০৪ বছর পর বাংলায় মহা ধুমধামে পালিত হল কুম্ভ মেলা। যোগ দিলেন লক্ষেধিক ধৰ্মপ্রাণ মানুষ। জড়ো হয়েছিলেন অসংখ্য সাধু সন্ত। কয়েকদিন আগেই শেষ হয়েছে গঙ্গাসাগর মেলা। তার রেশ ধরেই চলছে হুগলির ত্রিবেণী কুম্ভ মেলা।


More Stories
প্রকৃতির প্রতিশোধ, বালি-মাফিয়াদের ট্রাক্টরকে গিলে ফেলল নদী
মহানায়ক উত্তম কুমার : জন্মদিনের চেয়ে মৃত্যুর দিনটি মানুষ মনে রেখেছেন, কিন্তু কেন?
গোহত্যা আইন ভেঙে জলপাইগুড়িতে আটক ১