Home » এ কোন ভ্যালেন্টাইন? আজকের দিনেই ১৫ হাজার টাকার জন্য স্বামীর মাথা ফাটাল স্ত্রী!

এ কোন ভ্যালেন্টাইন? আজকের দিনেই ১৫ হাজার টাকার জন্য স্বামীর মাথা ফাটাল স্ত্রী!

সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি: আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে প্রেম দিবস বা ভ্যালেন্টাইন্স ডে। এই দিন প্রেমিক-প্রেমিকা বা বিবাহিত দম্পতিরা একটু অন্যভাবে পালন করে থাকেন। এই বিশেষ দিনের জন্য কারও কারও বিশেষ পরিকল্পনা থাকে, আবার কেউ ঘরোয়াভাবে পালন করেন। কেউ প্রিয়তম মানুষকে দামি-কমদামি উপহার দিয়ে চমকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু আজকের দিনেই ঘটে গেল এক অন্য ঘটনা। যা শুনে রীতিমতো হতবাক হয়ে যেতে হয়।

ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্বামীর কাছে ১৫ হাজার টাকা চেয়েছিল স্ত্রী। কিন্তু স্বামী এই টাকা দিতে রাজি হননি। ফলে শুরু হয় তুমুল ঝগড়া। যার পরিণতিতে স্বামীর মাথা ফাটল স্ত্রীর ছোড়া কাঁচের গ্লাসে। বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারত, কিন্তু অল্পের জন্য রক্ষা পেয়েছেন হতভাগ্য স্বামী। যদিও তিনি পুরো ঘটনার বিহিত চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন।

মঙ্গলবার অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে-র দিন ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া সবুজ সংঘের কাছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, আট বছর আগে প্রেম করে বিয়ে করেছিলেন এই এলাকার বাসিন্দা অজিত ও মামনি চৌধুরী। তাঁদের বছর সাতেকের এক ছেলে রয়েছে। মঙ্গলবার সকালে ভ্যালেন্টাইস ডে, সেই উপলক্ষে সোমবার স্বামীর কাছে ১৫ হাজার টাকা দাবি করেছিলেন স্ত্রী। অজিত টাকা দিতে অস্বীকার করায় কাচের গ্লাস ছুঁড়ে তাঁর মাথায় আঘাত করে মামনী। মাথা ফেটে রক্তাক্ত হয় সে। পরে প্রতিবেশীদের সাহায্যে হাসপাতালে যায় এবং মাথায় পাঁচটি সেলাই পড়ে।

এরপরই আসে ঘটনার আসল টুইস্ট। আক্রান্ত অজিত চৌধুরী নরেন্দ্রপুর থানায় স্ত্রী মামনি ও তাঁর বাবা অচিন্ত্য মণ্ডলের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অজিতের দাবি, মাথায় আঘাত করার পর তাঁর কাছ থেকে ১৫ হাজার টাকা ও গাড়ির চাবি ছিনিয়ে নেয় দু’জন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অজিত জানিয়েছে, বিগত কয়েক বছর ধরেই তাঁর স্ত্রী মামনি ও তাঁর পরিবার তাঁকে অত্যাচার করে। টাকার জন্য চাপ দেওয়া ও মারধর করার অভিযোগ করেন তিনি। এমনকি সাত বছরের ছেলেকেও মারধর করে মামনি, বলে দাবি অজিতের।

About Post Author