Home » পার্থকে ১০ লক্ষ দিয়েছিলেন কুন্তল ঘোষ, আদালতে দাবি ইডি-র

পার্থকে ১০ লক্ষ দিয়েছিলেন কুন্তল ঘোষ, আদালতে দাবি ইডি-র

সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারিঃ পার্থ চট্টোপাধ্যায়কে ১০ লক্ষ টাকা দিয়েছিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত হুগলির যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ। নিয়োগ দুর্নীতি মামলায় ব্যাঙ্কশাল কোর্টের একটি শুনানিতে মঙ্গলবার এমনটাই বিস্ফোরক দাবি করল ইডি। যদিও ইডি-র এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। এদিন পার্থর আইনজীবী আদালতে বলেন, ‘কুন্তল আমার মক্কেলকে আদেও টাকা দিয়েছিল কিনা? আপনারা কি দেখেছেন? যা ইচ্ছা বলে দিলেই হল?’

এদিকে,শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই কুন্তল-মানিকের ৪০ জন ‘এজেন্টে’র সন্ধান মিলেছে। এজেন্টের মাধ্যমে হুগলির যুব নেতা কুন্তল ঘোষের টাকা যেত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যর হাতে। এমনটাই দাবি ইডির। সেই ‘প্রভাবশালী’ এজেন্টের খোঁজ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, রাজ্যজুড়ে এরকম প্রায় ৪০ জন এজেন্টের সন্ধান মিলেছে, যাদের সঙ্গে ‘প্রভাবশালী’দের সম্পর্ক রয়েছে।

কুন্তল ঘোষকে জেরা করার সময় ইডি জানতে পারে, মানিক ভট্টাচার্যর সঙ্গে কুন্তলের যোগাযোগ ছিল এক এজেন্টের মাধ্যমে, যে নিজেকে প্রভাবশালী বলেই পরিচয় দিত। আবার কুন্তল নিজেও ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তুলে দিতেন সেই এজেন্টের হাতে। ইডি জানতে পেরেছে, তাপস মণ্ডলের সঙ্গে মানিক ভট্টাচার্যের প্রত্যক্ষ যোগাযোগ থাকলেও টাকা যেত ঘুরপথে। এর আগেও সিবিআই আদালতকে জানিয়েছে যে এসএসসি নিয়োগ দুর্নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এজেন্টদের ভূমিকা। এজেন্টরা যোগাযোগ করত চাকরিপ্রার্থীদের সঙ্গে।


প্রসঙ্গত, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে জেরা করতেই হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের নাম উঠে আসে। বেআইনিভাবে শিক্ষক নিয়োগের নাম করে চাকরিপ্রার্থীদের থেকে ১৯ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বিরুদ্ধে। সূত্রের খবর, তাপস মণ্ডল ইডি আধিকারিকদের জানিয়েছেন, ৩২৫ জন শিক্ষক পদপ্রার্থীর কাছ থেকে প্রায় সাড়ে ১৯ কোটি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ। মোট ২৬০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ৫০ হাজার টাকা করে তুলেছেন তিনি। এই সংক্রান্ত একাধিক নথিও তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন তাপস। একইসঙ্গে চাকরি বিক্রির নামে ১০ কোটি ৪০ লক্ষ টাকা ও অন্যান্য প্রতিশ্রুতি দিয়ে, ১২০০ চাকরিপ্রার্থীর কাছ থেকে ২০ হাজার টাকা করে নিয়ে নিয়েছিলেন কুন্তল। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া ৫০ কোটির মধ্যে ছিল কুন্তলের টাকাও।

About Post Author