সময় কলকাতা ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি: পোশাকি নাম ‘পার্পল লাইন’। কলকাতায় মেট্রো রেলের জোকা-বিবাদি বাগ প্রস্তাবিত এই মেট্রো প্রকল্পের মোমিমপুর থেকে ধর্মতলা পর্যন্ত অংশের কাজ নিয়েই ছিল চুরান্ত অনিশ্চয়তা। কিন্তু সব বাঁধা কাটিয়ে অবশেষে ভারতীয় সেনার ছাড়পত্র মেলে। মোমিমপুর থেকে ধর্মতলা তথা এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত ৫ কিমি পথ তৈরি হবে মাটির তলা দিয়ে। এই লাইনটি খিদিরপুর, ভিক্টোরিয়া মেমোরিয়াল, পার্কস্ট্রিট হয়ে এসে মিশবে উত্তর-দক্ষিণ করিডরের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। এই অংশ নিয়ে জটিলতা গড়ায় আদালত পর্যন্ত। সব মিটিয়ে ফলে মোমিমপুর থেকে ধর্মতলা পর্যন্ত অংশের কাজ শুরু করতে গত বছরই দরপত্র ডেকেছিল নির্মানকারী সংস্থা রেলওয়ে ভিকাশ নিগম লিমিটেড (RVNL)। সূত্রের খবর, দুটি সংস্থা দরপত্র জমা দিয়েছে। এবার সেই দরপত্র খতিয়ে দেখার উদ্যোগ শুরু করেছে RVNL কর্তৃপক্ষ।

RVNL সূত্রে জানা যাচ্ছে, জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পের বেশ কয়েকটি স্টেশনের কাজ এখনও বাকি। তবে ইতিমধ্যেই জোকা থেকে তারাতলা পর্যন্ত আংশিক পরিষেবা শুরু হয়েছে। মাঝেরহাট মেট্রো স্টেশনের কাজ চলছে। মেট্রো সূত্রে খবর, চালু হওয়া জোকা থেকে তারাতলা পর্যন্ত আংশে দৈনিক ২০০০ যাত্রীও যাতায়াত করছেন না। ফলে লোকসান হচ্ছে মেট্রোর। এই পরিস্থিতিতে দ্রুত পুরো প্রকল্প শেষ করতে মরিয়া মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্প দীর্ঘায়িত হওয়ার মূল সমস্যা ছিল মোমিমপুর থেকে বিবাদী বাগ অংশে।

ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং ময়দান চত্বরে সেনাবাহিনীর অনুমতি না মেলায় কাজ শুরু করা যাচ্ছিল না। পরে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে সমস্যা মেটে। রাজ্য সরকারও জানিয়ে দেয় টালি নালা থেকে ধর্মতলা পর্যন্ত ভূগর্ভস্থ পথেই মেট্রো নিয়ে যাওয়া যাবে। এরজন্য প্রয়োজনে ট্রামলাইন সরিয়ে দিতে হলেও আপত্তি নেই। এর পরই তৎপর হয় রেল বিকাশ নিগম। দরপত্র খতিয়ে দেখে যোগ্য সংস্থার হাতেই তুলে দেওয়া হবে ৫ কিলোমিটার ভূগর্ভস্থ মেট্রো পথের দুটি টানেল তৈরির কাজ। মেট্রোরেল কর্তাদের আশা চলতি বছরের শেষের দিকেই মাটির নীচে কাজ শুরু করবে টানেল বোরিং মেশিন। এই বিষয়ে আগামী মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!