সময় কলকাতা ডেস্ক, ১৮ ফেব্রুয়ারি: গোটা ফেব্রুয়ারি মাসটাই জেলে কাটাতে হবে ভাঙড়ের বিধায়ককে। নিউ মার্কেট থানার একটি মামলায় শনিবার আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ফের আদালতে তোলা হয়েছিল। এই মামলায় তাঁকে ১০ দিনের জেল হেফাজত দেয় ব্যাঙ্কশাল আদালত। শনিবার আদলতে প্রবেশের সময় ভাঙড়ের বিধায়ক শাসকদল ও রাজ্য সরকারকে কার্যত হুঁশিয়ারি দিলেন। প্রিজন ভ্যান থেকে বের হওয়ার সময়ই বললেন, যে লড়াইয়ে নেমেছে নওশাদ, সেই লড়াই কোনও ভাবেই থামবে না। উল্লেখ্য, গত ২১ জানুয়ারি কলকাতায় বিক্ষোভ সমাবেশে গোলমালের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আইএসএফ নেতা তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী-সহ ১৮ জনকে। এরপর থেকে বিধায়ক জেলেই রয়েছেন। আগামী ১০ দিনও তাঁকে জেলে কাটাতে হবে।

এদিন আদালতে জামিনের আবেদন করেছিলেন নওশাদের আইনজীবী। কিন্তু নিউ মার্কেট থানা তাঁকে হেফাজতে চায়। দুই পক্ষের আইনজীবীদের মধ্যে সওয়াল-পাল্টা সওয়াল চলতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত নওশাদকে ১০ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রসঙ্গত, গত ২১ জানুয়ারি কলকাতা লেদার কমপ্লে্ক্স থানা এলাকায় তৃণমূল ও আইএসএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। যার আঁচ এসে পড়ে কলকাতার রাস্তায়। ধর্মতলায় অবরোধ করেন আইএসএফ সমর্থকরা। সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তাঁরা। পরে পুলিশ নওশাদ-সহ ১৮ জনকে গ্রেফতার করে।

নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে তিনটি থানায় মামলা দায়ের হয়। কলকাতা লেদার কমপ্লেক্স থানা ছাড়াও নিউ মার্কেট ও হেয়ার স্ট্রীট থানাতেও মামলা হয়। হেয়ার স্ট্রীট থানার মামলায় তাঁর ১৪ দিন জেল হেফাজত হয়েছিল। নিউ মার্কেট থানার মামলায় প্রথমে তিনদিন ও আজ ফের ১০ দিনের হেফাজতে গেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর। এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, ‘জেল, জরিমানা করে নওশাদ সিদ্দিকিকে রোখা যাবে না। মানুষের জন্য লড়াই চলবে’। পাশাপাশি জেলে আটকে রাখার জন্যই তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর কথায়, ‘অনেক মামলাই দেবে আমার বিরুদ্ধে। কিন্তু সবাই দেখতে পাচ্ছে কি হচ্ছে। নওশাদ সিদ্দিকী থেমে থাকবে না’।


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
বারাসাতে মিছিল কি তৃণমূলের শেষের শুরুর ইঙ্গিত ?