Home » ফের শ্যুটআউট ভাটপাড়ায়! এবার দুধ আনতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল যুব নেতা

ফের শ্যুটআউট ভাটপাড়ায়! এবার দুধ আনতে গিয়ে গুলিবিদ্ধ তৃণমূল যুব নেতা

সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: রাজ্যজুড়ে শ্যুটআউটের ঘটনা ঘটেই চলছে। আসানসোল, গোয়ালতোড়ের পর এবার ভাটপাড়ায়। রবিবার সাতসকালে ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়ায় গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল যুব নেতা। তাঁকে লক্ষ্য করে বোমাও ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনার পর তীব্র উত্তেজনা তৈরি হয়েছে ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে। জানা যাচ্ছে, ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি অশোক কুমার সাউ এদিন সকালে দুধ আনতে যাচ্ছিলেন।

অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে একদল দুষ্কৃতী বোমা ও গুলি ছোঁড়ে। ঘটনাটি ঘটেছে পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ১ নম্বর গলি এলাকায়। স্থানীয়দের দাবি, রবিবার সকাল পৌনে ৯টা নাগাদ ওই তৃণমূল নেতা ১ নম্বর গলির শেষ প্রান্তে আসার সঙ্গে সঙ্গেই তাঁকে লক্ষ্য করে প্রথমে বোমা ছোঁড়া হয়। কিন্তু বোমাটি একটি ড্রেনে গিয়ে পড়ে। এরপরই অশোক সাউকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি চালানো হয়। অভিযোগ, চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালানো হয়েছে। একটি গুলি অশোকের পিঠে লাগে। এরপর আরও একটি বোমা ছুঁড়ে দুষ্কৃতীরা এলাকা থেকে চম্পট দেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুষ্কৃতীরা প্রত্যেকেই মুখে মাস্ক লাগিয়ে ছিল। ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই জখম ওই তৃণমূল নেতাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে কল্যাণী জওহরলাল নেহেরু হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা যাচ্ছে, একটি গুলি অশোকের পিঠ ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জগদ্দল থানার বিশাল পুলিশবাহিনী। ব্যক্তিগত সংঘাত নাকি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা তা খতিয়ে দেখছে জগদ্দল থানার পুলিশ।

About Post Author