সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: দিন দুয়েক আগেই নির্বাচন কমিশন জানিয়েছিল শিবসেনার নাম ও দলীয় প্রতীক পেতে চলেছে একনাথ শিন্ডের দল। এরপরই ক্ষোভে ফেটে পড়েছিলেন উদ্ধ্বব ঠাকরে। এবার তাঁর পাশে দাঁড়িয়ে আরও বিস্ফোরক দাবি করলেন সঞ্জয় রাউত। তাঁর দাবি, কমিশনের এই ষোষণার নেপথ্যে রয়েছে ‘২০০০ কোটি টাকার ডিল’।

শিবসেনার প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরে, কিন্তু তাঁর ছেলে উদ্ধ্বব ঠাকরের হাতেই থাকল না দলীয় প্রতীক ও নাম। অর্থাৎ বাবার প্রতিষ্ঠিত পার্টি থেকেই সরে যেতে হচ্ছে ছেলেকে। এই পরিস্থিতিতে উদ্ধব শিবিরের অন্যতম মুখ সঞ্জয় রাউত রবিবার বড় দাবি করলেন। তিনি দাবি করেন, এই মামলায় এখনও পর্যন্ত ২০০০ কোটি টাকার লেনদেন হয়েছে। এটা প্রাথমিক ধারণা। এটা আমার এফআইআর। এই সিদ্ধান্তকে কেনা হয়েছে।

যদিও, সঞ্জয় রাউতের এই দাবিকে গুরুত্বই দিচ্ছে না শিন্ডে শিবির। এই শিবিরের পক্ষে বিধায়ক সদা সরভারকরের পাল্টা কটাক্ষ, উনি (সঞ্জয় রাউত) কী ক্যাশিয়ার ছিলেন নাকি? শিবসেনা বিধায়কের বক্তব্য, নির্বাচন কমিশন ৭৮ পাতার রিপোর্টে জানিয়েছে কেন শিবসেনা পার্টির নাম ও প্রতীক শিন্ডে শিবিরকে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, শিবসেনা দলের ‘মালিকানা’ প্রসঙ্গে কমিশনের কাছে উদ্ধব ও শিন্ডে দুই গোষ্ঠীই নিজেদের দাবি রেখেছিল। অবশেষে, জয়ী হয় শিল্ডে শিবির। অন্যদিকে উদ্ধ্বব শিবিরকে দেওয়া হয় মশাল প্রতীক। সামনেই মুম্বইয়ের পুর নির্বাচন, ফলে এই ইস্যু নিয়ে আরও জলঘোলা হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।


More Stories
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ
বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিস্কৃত ঋতব্রতকে
অভিষেকের দুয়ারে ইডি