সময় কলকাতা ডেস্ক, ১৯ ফেব্রুয়ারি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্র্রামানিকের বাড়ির সামনে কর্মী সভায় যখন বক্তব্য রাখছিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। ঠিক সেসময় কোচবিহার জেলা বিজেপির সদর কার্যালয়ে উদয়ন গুহর বোন সুজাতা সোমের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন ভাগ্নী উজ্জয়নী রায়-সহ আরও ২ জন। এদিনের যোগদান মঞ্চ থেকে বিজেপির জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় জানান, শাসক দলের অনেক নেতা বিজেপিতে যোগদানের জন্য অপেক্ষা করে রয়েছে।

এদিন উদয়ন গুহর ভাগ্নী উজ্জয়নী রায় বিজেপিতে যোগ দিয়ে বলেন, আমার দাদু কমল গুহ দীর্ঘ সময় উত্তরবঙ্গের নেতা ছিলেন। তখন থেকেই আমার সুপ্ত ইচ্ছা ছিল রাজনীতিতে আসার। এরপরই তিনি বলেন, উত্তরবঙ্গের উন্নয়নে নিশীথ প্রামানিক ও মিহির গোস্বামীরা ভালো কাজ করছেন, তাই আমি বিজেপিতেই যোগ দিলাম। একদিকে যখন উদয়ন গুহ নিশীথ প্রামানিকের বাড়ির সামনে বক্তৃতা দিচ্ছেন সেই সময়ই তাঁর পরিবারে ভাঙন ধরিয়ে চমক দিল কোচবিহারের বিজেপি নেতৃত্ব। যদিও এই প্রসঙ্গে তৃণমূল নেতা উদয়ন গুহ কোনও মন্তব্য করেননি।

অপরদিকে রবিবার মিছিল পাল্টা মিছিলকে কেন্দ্র করে সরগরম ছিল উত্তরবঙ্গের রাজনীতি। রবিবার সকাল থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করে তৃণমূল। এরই পাল্টা মিছিল করে বিজেপি। কোচবিহার শহরে মিছিল বের করা হয় বিজেপির পক্ষ থেকে। মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, বিধায়ক মিহির গোস্বামী, মালতি রাভা রায়, নিখিল রঞ্জন দে,বরেন চন্দ্র বর্মন প্রমুখ নেতারা। মিছিল থেকে পাল্টা শাসক দলের নেতাদের বাড়ি ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে।


More Stories
ধাক্কা তৃণমূলে, জ্যোতিপ্ৰিয় মল্লিক দলীয় সব পদ থেকে ইস্তফা দিলেন
ডিমথেরাপি ও জনরোষ ধূপগুড়িতে,অভিযুক্ত তৃণমূল নেতাকে রক্ষা করতে পুলিশ জনতা খণ্ডযুদ্ধ
“মাথা উঁচু করে রাজনীতি “- মুখ্যমন্ত্রী সকাশে মমতাপন্থী বিধায়করা