Home » হাইকোর্টে বেনজির কাণ্ড! বন্ধ ঘরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সামনে হাজিরা দিলেন টেট পরীক্ষকরা

হাইকোর্টে বেনজির কাণ্ড! বন্ধ ঘরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সামনে হাজিরা দিলেন টেট পরীক্ষকরা

সময় কলকাতা ডেস্ক, ২১ ফেব্রুয়ারি: প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় এবার বেনজির পদক্ষেপ নিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য যাঁদের কাছে ইন্টারভিউ দিতে হয়, সেই পরীক্ষকদের আদালতে ডেকে একে একে জিজ্ঞাসাবাদ করলেন নিজে। আদালতের বন্ধ কক্ষের ভিতর একে একে বিচারপতি জিজ্ঞাসাবাদ করেন ৩০ জন পরীক্ষককে। আদালতের প্রবীন আইনজীবীদের মতে, কলকাতা হাইকোর্টের ইতিহাসে এই ঘটনা নজিরবিহীন। তবে আইনি ও সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেই বিচারপতি এই জিজ্ঞাসাবাদ করেছেন বলেই ওয়াকিবহাল মহলের মত।

প্রসঙ্গত, ২০১৬ সালের টেট পরীক্ষায় রাজ্যের প্রাথমিক স্কুলে মোট ৪২ হাজার ৫০০ নিয়োগ হয়েছিল। সেই অ্যাপ্টিটিউট টেস্টের পদ্ধতি নিয়ে অভিযোগ করেছিলেন পরীক্ষার্থীদের একাংশ। সেই সংক্রান্ত মামলায় এদিন নজিরবিহীন পদক্ষেপ নিলেন বিচারপতি। জানা যাচ্ছে, এই রুদ্ধদ্বার শুনানিতে আসা পরীক্ষকদের একাংশ কার্যত মেনে নিয়েছেন এই ধরণের ইন্টারভিউ বা অ্যাপ্টিটিউড টেস্ট নেোয়ার পদ্ধতি সম্পর্কে তাঁরা কিছুই জানেন না। অধিকাংশ ক্ষেত্রেই পদ্ধতি মানা হয়নি।

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সার্ধশতবার্ষিকী ভবনের ৯ তলায় এই জিজ্ঞাসাবাদ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। প্রত্যেককে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করেন তিনি। সূত্রের খবর, ইন্টারভিউয়ারদের তিনি প্রথমেই জানিয়ে দেন, ‘আপনাদের কোনও ভয় নেই। ভয় পাওয়ার কোনও কারণ নেই। যা সত্যি তা আমায় জানাবেন। তবে বিচার কক্ষের বাইরে এ নিয়ে কোনও কথা বলবেন না। আইনজীবীদের একাংশের মতে, বিচারপতির এই উদ্যোগ সত্য উদঘাটনে কাজে আসবে।

About Post Author