Home » এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা

এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা

সময় কলকাতা ডেস্ক, ২১ ফেব্রুয়ারি: কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্য সরকারি স্কুলের ১,৯১১ জন গ্রুপ ডি কর্মীর। এবার সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা। সম্প্রতি এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন ১,৯১১ জনের চাকরি বাতিলের। সেই সঙ্গে তিনি ওই কর্মীদের বেতনের সমস্ত টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

পরে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান চাকরি হারানো গ্রুপ ডি কর্মীরা। শুনানিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের বেতনের টাকা ফেরানোর নির্দেশে স্থগিতাদেশ দেয়। কিন্তু চাকরি বাতিলের নির্দেশ বহাল রাখে। আদালত সূত্রে খবর, এই মামলায় শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রয়েছে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করলেন চাকরি হারানো ১,৯১১ জন গ্রুপ ডি কর্মী।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে সিবিআই গোয়েন্দারা উত্তর প্রদেশের গাজিয়াবাদে হানা দিয়ে একটি হার্ডডিস্ক উদ্ধার করেছিলেন। ওই হার্ডডিস্কের তথ্য যাচাই করে তদন্তকারীরা দেখেন, মোট ২,৮২৩ জনের উত্তরপত্র বা ওএমআর শিট বিকৃত করা হয়েছে। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন পরে আদালতকে জানায় এদের মধ্যে ১,৯১১ জন রাজ্য সরকারি স্কুলে চাকরি বহাল হয়েছে। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁদের চাকরি বাতিল ও বেতনের টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সেই মামলাই এবার গড়াল দেশের সর্বোচ্চ আদালতে।

About Post Author