Home » মেঘালয় সফরে মমতা- অভিষেক

মেঘালয় সফরে মমতা- অভিষেক

সময় কলকাতা ডেস্ক,২২ ফেব্রুয়ারিঃ পাখির চোখ মেঘালয়ে বিধানসভা নির্বাচন।  ত্রিপুরার পাশাপাশি এবার মেঘালয়েও নির্বাচনে অংশ নিতে চলেছে তৃণমূল। আগামী ২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তার আগেই তৃণমূলের পালে হাওয়া লাগাতে বুধবার ফের মেঘালয় প্রচারে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, এদিন তুরা লোকসভার অন্তর্গত রাজাবালায় তৃণমূল প্রার্থীর সমর্থনে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো। মমতা-অভিষেক রাজ্যে প্রচার করলে মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের পালে হাওয়া আরও জোরদার হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই কয়েক দফায় মেঘালয় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সংগঠনের কাজ সরেজমিনে দেখছেন তিনি।


এদিকে,মঙ্গলবারই তৃণমূলের তরফে একটি ডিজিটাল কাউন্টডাউন ঘড়ি স্থাপন করা হয়েছে দলীয় কার্যালয়ে। দলের তরফে জানানো হয়েছে, আগামী ২ মার্চ ওই ঘড়ি মানুষকে মনে করিয়ে দেবে রাজ্যের অন্ধকার দিনের সমাপ্তি ঘটেছে। ঘড়িটি দেখতে পার্টির প্রতীকের মতো। জোড়া ফুল ও তিনটি পাঁপড়ি রয়েছে এতে। রয়েছে দলীয় স্লোগানও। ঘাসফুল শিবিরের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ‘দুর্নীতিগ্রস্ত’ এমডিএ সরকারের সমাপ্তির কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এই ঘড়ি এনপিপির জোটসঙ্গীদেরও সেকথা মনে করিয়ে দেবে।

সামনেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে তার প্রস্তুতিও জোরকদমে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলি নিজেদের ভিটে মাটি শক্ত করতে নানান প্রস্তুতি নিচ্ছে। যদিও এই তালিকা থেকে বাদ যায়নি শাসক দল। মেঘালয়ে তৃণমূল কংগ্রেসও দলীয় স্তরে একাধিক কর্মসূচি পালনে ব্যস্ত। সূত্রের খবর, অভিষেক এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘালয় সফরেই উত্তর পূর্ব ভারতের রাজনীতিতে বড় চমক দেখা যেতে পারে। কেননা অন্যান্য দলের কিছু তাবড় নেতাদের মধ্যে দল ছেড়ে কেউ কেউ নাম লেখাতে পারেন তৃণমূলে।

About Post Author