Home » চুরি ও দুর্নীতি রুখতে এবার মালগাড়িতে ব্যবহার হবে ওটিপি-ভিত্তিক ডিজিটাল লক

চুরি ও দুর্নীতি রুখতে এবার মালগাড়িতে ব্যবহার হবে ওটিপি-ভিত্তিক ডিজিটাল লক

সময় কলকাতা ডেস্ক, ২৫ ফেব্রুয়ারি:  মালবাহী ট্রেন এবং পার্সেল ট্রেনে চুরি আটকাতে এক অভিনব ব্যবস্থা চালু  করল ভারতীয় রেল। এবার থেকে মালগাড়ির দরজা বন্ধ করা হবে ওটিপি-ভিত্তিক ডিজিটাল লকিং সিস্টেমে। এই প্রযুক্তি ভারতে নতুন না হলেও ভারতীয় রেলে প্রথম। বিভিন্ন বড় বেসরকারি কুরিয়ার সংস্থা তাঁদের পণ্যবাহী ট্রাকে এই প্রযুক্তি ব্যবহার করে থাকে। এই ধরনের ট্রাকে স্মার্ট লক থাকে। সেটি আবার GPS -এর সাহায্যে কাজ করে। ফলে সেই তালা যেমন খোলা এত সহজ নয়, তেমন সহজেই ওই গাড়ির লাইভ লোকেশন ট্র্যাকিং করা যায়। এতে চুরির সম্ভাবনাও অনেক অংশে কমে যায়।  রেল মন্ত্রকের দাবি, ভারতীয় রেল মালবাহী ট্রেনে চুরি আটকাতে একটি সুরক্ষিত OTP-ভিত্তিক সিস্টেম গড়ে তোলা হবে দেশজুড়ে।

ভারতীয় রেল সূত্রে খবর, এই ডিজিটাল লক প্রযুক্তিতে মালগাড়ি বা পার্সেল ভ্যানে পণ্য লোড করার পর নির্দিষ্ট রেলকর্মীর মোবাইলে একটি ওটিপি (OTP) আসবে। এরপরে যে যে স্টেশনে আনলোড বা পণ্য খালাস করা হবে, সেখানকার নির্দিষ্ট রেলকর্মীর মোবাইলে আসবে আরেকটি ওটিপি। সেই ওটিপির সাহায্যেই খোলা যাবে কামরার ডিজিটাল লক। এতে যেমন পণ্য সুরক্ষিত থাকবে, তেমনই হিসেব থাকবে কোথায় কখন আনলোড হচ্ছে। আবার জিপিএস পদ্ধতির জন্য লাইভ ট্র্যাকিং সিস্টেমে সবকিছুই অনটাইম দেখা যাবে। এতে দুর্নীতি রোখা যাবে বলেই মনে করছেন রেলকর্তারা।

পুরো সুরক্ষা ব্যবস্থা ত্রি-স্তরীয়। একবার লক বন্ধ হয়ে গেলে সংশ্লিষ্ট রেলকর্মীর মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। গন্তব্যে পৌঁছানোর পর চালককে লকের বোতাম টিপে GPS মারফত লোকেশন আপডেট করে দিতে হবে। তারপর সেখানকার রেলকর্মীর মোবাইলে আসবে আরেকটি ওটিপি। সেই ওটিপি যাচাই করা হবে। এরপর আবার চালকের মোবাইল নম্বরে আরেকটি ওটিপি পাঠানো হবে। তবেই লক খুলবে। পূর্ব রেলের ডানকুনি পণ্য টার্মিনালে ইতিমধ্যেই এই ডিজিটাল লক প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে।

About Post Author