সময় কলকাতা ডেস্ক,২৫ ফেব্রুয়ারিঃ পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত খুনের ঘটনা মনে পড়ে? গত বছর ১৩ মার্চ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা অনুপমকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল দুষ্কৃতীরা। তা ধরা পড়েছিল সিসি ক্যামেরায়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ঘটল সেরকমই ঘটনা। ২০০৫ সালে খুন হয়েছিলেন বহুজন সমাজ পার্টির বিধায়ক রাজু পাল। সেই খুনের ঘটনার মূল সাক্ষী ছিলেন উমেশ পাল। শুক্রবার রাতে বিধায়ক হত্যার প্রধান সাক্ষী উমেশ পালকেই বাড়ির দোরগোড়ায় খুন করল দুষ্কৃতীরা। একাধিক সিসি ক্যামেরায় সেই হত্যার ফুটেজ ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, গাড়ির পিছনের সিট থেকে নামছেন উমেশ। নামছেন তাঁর দুই দেহরক্ষীও। ঠিক তখনই একজন এসে গুলি করে উমেশকে। গুলি করার আগে আশপাশে চলে বোমাবাজিও।

পুলিশের অনুমান, ঘাতকদের চিহ্নিত যাতে না করা যায় সেই কারণেই এই কৌশল নেওয়া হয়েছিল। জানা গিয়েছে, উমেশ পালের এক দেহরক্ষী প্রায় ধরেই ফেলেছিলেন খুনিকে। কিন্তু তাঁকেও গুলি করে দুষ্কৃতীটি। দ্বিতীয় দেহরক্ষীও বুলেটবিদ্ধ হয়েছেন। দুজনেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। উমেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কয়েক ঘণ্টা পর তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রাক্তন সাংসদ তথা মাফিয়া আতিক আহমেদ। যে বেশ কয়েক বছর গুজরাটের জেলেও বন্দি ছিল। এই হত্যার পিছনে সেই আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে প্রয়াগরাজের পুলিশ প্রধান রমিত শর্মা বলেছেন,‘এখন পর্যন্ত যা তথ্য পাওয়া গিয়েছে আততায়ীরা ২টি বোমা ছুঁড়েছে। গুলি করে উমেশকে খুন করা হয়েছে। আমরা আট সদস্যের তদন্ত দল গঠন করেছি।’

শনিবার বিষয়টি নিয়ে বিধানসভায় সরব হয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, ‘প্রয়াগরাজের মতো ঘটনা নিয়ে জিরো টলারেন্স নীতি নেবে সরকার। মাফিয়ারা এই কাজ ঘটিয়েছে। আমাদের সরকার মাফিয়ারাজ চলতে দেবে না। মাফিয়াদের মাটিতে মিশিয়ে দেব।’


More Stories
দিল্লি গেলেন অভিষেক
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ