Home » চোখ রাঙাচ্ছে অ্যাডিনোভাইরাস! জেনে নিন কিভাবে বাঁচবেন রোগের প্রকোপ থেকে

চোখ রাঙাচ্ছে অ্যাডিনোভাইরাস! জেনে নিন কিভাবে বাঁচবেন রোগের প্রকোপ থেকে

সময় কলকাতা ডেস্ক, ১ মার্চ: কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় চোখ রাঙাচ্ছে অ্যাডিনোভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে মূলত শিশুরাই। কিন্তু বয়স্করাও এখন অ্যাডিনোভাইরাসের কবলে পড়ছেন নিজেদের অজান্তে। কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে পরিস্থিতি খুব ভয়াবহ। শিশু বিভাগগুলিতে ভিড় বাড়ছে প্রতি ঘন্টায়। জেনারেল বেড থেকে শুরু করে আইসিউ ও এনআইসিউ, কোথাও বেড খালি নেই। যদিও স্বাস্থ্য ভবনের তরফে বলা হয়েছে এই সময় বিভিন্ন ভাইরাস থেকেই শিশুদের গলা ও বুকের সংক্রমণ হয়। বর্তমানে সেই অসুখই বেশি মাত্রায় হচ্ছে।

পরিস্থিতি যতই ভয়াবহ হোক, রাজ্যের স্বাস্থ্য দফতর জানাচ্ছে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই সময় কি করতে হবে আর কি করবেন না, তা জানিয়ে এক নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন। করোনাকালে জারি করা নির্দেশিকাগুলোর মতোই এবার অ্যাডিনোভাইরাসের জন্যও বেশ কিছু নিয়ম মেনে চলতে বলছে স্বাস্থ্য ভবন। ওই নির্দেশিকায় বলা হয়েছে অ্যাডিনোভাইরাসের মোকাবিলায় বারেবারে সাবান দিয়ে হাত ধুতে হবে। বড়দের মতো শিশুদেরও বারবার হাত ধুইয়ে দিতে হবে। বাড়িতে কারও জ্বর, সর্দি-কাশি হলেই সকলকে মাস্ক পড়তে বলা হয়েছে। শিশুদের ভিড় এড়িয়ে রাখতে হবে। পাশাপাশি বাইরে থেকে ঘরে ঢুকে জামাকাপড় পরিবর্তন করে শিশুদের ছুঁতে হবে। কফ বা থুতু যেখানে সেখানে না ফেলাই ভাল। যে সমস্ত শিশুদের অপুষ্টিজনিত সমস্যা আছে, বিশেষ করে তাঁদের খেয়াল রাখতে হবে।

শুধু সাধারণ ক্ষেত্রে নয়, শিশুরা অসুস্থ হয়ে পড়লে কী কী পদক্ষেপ করা উচিত তাও বলা করা হয়েছে এই নির্দেশিকায়। কোনও শিশু অসুস্থ হলে বা জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট হলেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো এক্ষেত্রে। তাঁদের স্কুলে পাঠানো একেবারেই যাবে না। অসুস্থ শিশু বা বয়স্কদের থেকে অন্যান্য শিশু, গর্ভবতী মহিলাদের দূরে রাখুন। সর্দি-কাশি হলে হালকা গরম জলে নুন দিয়ে গার্গেল করতে হবে। তিন বছরের শিশুদের নিচে বয়স হলে হালকা গরম জল খাওয়াতে হবে। বুকে যদি কফ থাকে, তবে অ্যান্টিহিস্টামিন আছে এমন কাফ সিরাপ খাওয়া উচিত নয়। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ান। স্বাস্থ্য ভবন জানিয়েছে, জেলা হাসপাতালগুলিতে শিশুরোগ বিশেষজ্ঞ থাকবেন, প্রয়োজনে তাঁদের পরামর্শ নেওয়া উচিত।

About Post Author