Home » কেমন থাকবে আজকের আবহাওয়া

কেমন থাকবে আজকের আবহাওয়া

সময় কলকাতা ডেস্ক, ৫ মার্চঃ মার্চেও রেহাই নেই ভ্যাপসা গরমের হাত থেকে। জেলায় জেলায় চড়ছে তাপমাত্রার পারদ। মার্চেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে প্রায় গোটা দেশজুড়ে। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর,দোলের মধ্যেই তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় জেলায় থাকবে ভ্যাপসা গরম।  তবে,৮ মার্চ পর্যন্ত দেশের কোনও জায়গাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা নেই।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রাও। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২১.৫ ডিগ্রি সেলসিয়াস  এবং সর্বোচ্চ  তাপমাত্রা ৩১.২  ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৫ থেকে ৮৫ শতাংশ।

পূর্বাভাস বলছে,উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি শুষ্কই থাকবে। এদিকে,উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ এবং গুজরাটে সোমবার পর্যন্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোমোরিন এলাকায়।

About Post Author