Home » গরমে কী কাবু হচ্ছে অ্যাডিনো ভাইরাস?

গরমে কী কাবু হচ্ছে অ্যাডিনো ভাইরাস?

সময় কলকাতা ডেস্ক,৫ মার্চঃ আতঙ্কের মাঝেই কিছুটা স্বস্তির খবর শোনাল রাজ্য স্বাস্থ্য দফতর। গরম পড়তে শুরু করলে ধীরে ধীরে কমবে অ্যাডিনো ভাইরাসের দাপট,এমনটাই মত বিশেষজ্ঞদের। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে,আগের থেকে অ্যাডিনো ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। শুধুমাত্র অ্যাডিনো ভাইরাসের কারণে যে শিশু মৃত্যু হচ্ছে,তা একেবারেই নয়। বর্তমানে একাধিক ভাইরাসের প্রকোপ বেড়েছে। তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসও আছে। শিশুদের স্বাস্থ্য পরিষেবায় প্রতিটি হাসপাতালকে বিশেষ নজর দিতে হবে। ‘অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন’ চিকিৎসার জন্য রাজ্যের ১২১টি হাসপাতালে পাঁচ হাজার শয্যার ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালগুলিতে ৬০০ জন শিশুরোগ বিশেষজ্ঞ থাকছেন। ওপিডিতেও একজন শিশুরোগ চিকিৎসক থাকবেন। ২৪৭৫টি ‘সিক নিউ বর্ন কেয়ার ইউনিট’, ৬৫৪টি পিআইসিইউ বেড ও ১২০টি এনআইসিইউ বেড তৈরি রাখা হয়েছে। যদিও বাচ্চাদের জ্বর,সর্দি-কাশি,নিউমোনিয়ার জন্য ইনফ্লুয়েঞ্জার উপ-প্রজাতি এইচ থ্রি এন২ ভাইরাসকে দায়ী করেছে বিশেষজ্ঞরা।


এদিকে, নিত্যদিনই জেলার নানাপ্রান্ত থেকে মিলছে শিশু মৃত্যুর খবর। জ্বর,সর্দি-কাশি,নিউমোনিয়ার উপসর্গ নিয়ে বাচ্চারা ভর্তি হচ্ছে হাসপাতালে। শনিবার রাত থেকে এখনও পর্যন্ত ফের তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। রবিবার সকালেই বিসি রায় হাসপাতালে জ্বরে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত বুধবারই বনগাঁর চার মাসের এক শিশু জ্বর-সর্দি-কাশি ও নিউমোনিয়ার উপসর্গ নিয়ে বিসি রায় হাসপাতালে ভর্তি হয়। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। রবিবার ভোররাতে মৃত্যু হয় তাঁর। চিকিৎসকেরা জানিয়েছেন,নিউমোনিয়ায় মৃত্যু হয়েছে শিশুটির। অন্যদিকে, গত ২৮ ফেব্রুয়ারি বিসি রায় হাসপাতালের এইচডিইউ-তে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দেড় বছরের এক শিশু ভর্তি হয়। রবিবার সকাল ৬টা নাগাদ মৃত্যু হয় তাঁর।


বৃহস্পতিবারই নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘রাজ্যে ৫ হাজার বেড রেডি আছে, ৬০০ শিশু চিকিৎসক তৈরি আছেন। করোনার পর থেকেই একটা আতঙ্ক কাজ করছে। তারপর যে কোনও ভাইরাস আসলেই, বাচ্চাদের যত্ন নিতে হবে। বাচ্চারা মাস্ক পরতে পারে না, কিন্তু বাচ্চাদের প্রয়োজন ছাড়া বাইরে না বের করাই ভালো, কারণ বাচ্চারা মাস্ক পরতে পারে না।’ একইসঙ্গে ২৪ ঘণ্টার হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে বলেই জানান মুখ্যসচিব। হেল্প লাইন নম্বরটি হল- ১৮০০৩১৩৪৪৪২২২।

About Post Author