Home » লাহোরে ইমরান খানকে ধরতে এল পুলিশ, কিন্তু তাঁর বাড়ি ঘিরে কয়েক হাজার সমর্থক

লাহোরে ইমরান খানকে ধরতে এল পুলিশ, কিন্তু তাঁর বাড়ি ঘিরে কয়েক হাজার সমর্থক

সময় কলাকাতা ডেস্ক, ৫ মার্চ:  রবিবারের সকালে তখন ঘুম থেকে ওঠেননি লাহোরবাসী। তখনই খবর রটে যায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে ধরতে লাহোরে পৌঁছেছে পাকিস্তানের দুই প্রদেশের পুলিশবাহিনী। কিন্তু নেতার গ্রেফতারি ঠেকাতে দ্রুতই হাজার হাজার সমর্থক ঘিরে ফেললেন ইমরান খানের বাড়ি। এরপর থেকে টানটান উত্তেজনা চলছে লাহোরে। পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কয়েক হাজার সমর্থক চাইছেন যে কোনও মূল্যে প্রিয় নেতা ইমরান খানের গ্রেফতারি ঠেকাতে। তাঁর বাড়ি ঘিরে রেখে চলছে স্লোগান ‘আগে আমাদের ধরো, তারপর আমাদের নেতার কথা ভেবো’। কিন্তু ওয়াকিবহাল মহলের ধারণা, ইমরানের গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা।

এমনিতেই কার্যত দেউলিয়া পাকিস্তান। এর ওপর ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া বহুমূল্য উপহার সরকারি তোষাখানায় জমা না দিয়ে চড়া দামে বিক্রি করে দিয়েছিলেন। এই অভিযোগে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইমরান ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করলেও হাইকোর্ট তা খারিজ করে দেয়।

কিন্তু এই মামলার শুনানিতে বারবার গড়হাজির থাকায় ফরমান জারি হয় তাঁর নামে। ওই ফরমান নিয়েই ইমরান খানকে ধরতে লাহোরে তাঁর বাড়িতে পৌঁছয় ইসলামাবাদ পুলিশের একটি দল। তাঁদের সঙ্গে ছিলেন লাহোর পুলিশের বিশাল বাহিনী। কিন্তু সূত্রের খবর, এখনও পর্যন্ত লাহোরের জামান পার্কে ইমরানের বাড়িতে ঢুকতেও পারেনি পুলিশ। তাঁর বাড়ি ঘিরে রেখেছেন কয়েক হাজার পিটিআই সমর্থক। কার্যত রাস্তার ওপর শুয়ে রয়েছেন অনেকে। যদিও লাহোর পুলিশ জানিয়েছে, যারা ইমরানের গ্রেফতারির পথে বাঁধা তৈরি করবেন, তাঁদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু পিটিআই সমর্থকরা এখনও অনড়।

About Post Author