সময় কলকাতা ডেস্ক, ৬ মার্চ: এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে ৭৪টি মামলা দায়ের হয়েছে। তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সবচেয়ে বড় রাজনৈতিক দল পিটিআই-এর চেয়ারম্যান তিনি। এবার তিনি আশঙ্কা প্রকাশ করছেন তাঁর প্রাণ সংশয় হতে পারে। খুন হয়ে যাওয়ার আশঙ্কা করে ইমরান খান পাকিস্তানের প্রধান বিচারপতিকে চিঠি দিলেন বলেই সূত্রের খবর। পাক প্রধান বিচারপতি ইমর আতা বান্দিয়ালকে লেখা ওই চিঠিতে তিনি অতিরিক্তি নিরাপত্তা দেওয়ার আর্জিও জানিয়েছেন।

রবিবারই ইমরান খানের লাহোরের বাড়িতে গিয়েছিল ইসলামাবাদ ও লাহোর পুলিশের বিশাল বাহিনী। তাঁর বিরুদ্ধে ছিল গ্রেফতারি পরোয়ানা। কিন্তু প্রিয় নেতাকে যাতে পুলিশ গ্রেফতার করতে না পারে তার জন্য কয়েক হাজার পিটিআই সমর্থক ইমরানের বাড়ি ঘিরে রেখেছিলেন। এখনও পর্যন্ত জানা যাচ্ছে, আগামী ৯ মার্চ ইমরান খানকে আদালতে হাজির করানো হবে। ওই দিনই তিনি খুন হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন। পাকিস্তানের এক প্রথমসারির দৈনিকে এই খবর প্রকাশিত হতেই চাঞ্চল্য ছড়িয়েছে পাকিস্তানে।

প্রসঙ্গত, মাস কয়েক আগেই একটি মিছিলে ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল। আচমকা ওই হামলায় ইমরানের পায়ে গুলি লেগেছিল। প্রধান বিচারপতিকে লেখা চিঠিতে সেই বিষয়টিও উল্লেখ করেছেন ইমরান। তিনি আরও জানিয়েছেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই তাঁর বিরুদ্ধে ষড়ষন্ত্র করা হচ্ছে। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৭৪টি মামলা দায়ের হয়েছে। আপাতত ৮ মার্চ পর্যন্ত আগাম জামিন নিয়ে রাখায় ইসলামাবাদ পুলিশ ইমরানকে গ্রেফতার করতে পারেনি। তবে ৯ মার্চ তাঁকে আদালতে হাজির হতে হবে।


More Stories
দিল্লি গেলেন অভিষেক
ঔদ্ধত্য,দাম্ভিকতা,অহংকার এবং দুর্নীতিকে মদত -নাম না করে মমতাকে বেনজির আক্রমণ শান্তনু সেনের
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ