Home » পুরীর জগন্নাথ মন্দিরের পাশে ভয়াবহ আগুন, দ্রুত খালি করা হল হোটেল

পুরীর জগন্নাথ মন্দিরের পাশে ভয়াবহ আগুন, দ্রুত খালি করা হল হোটেল

সময় কলকাতা ডেস্ক, ৯ মার্চ: বুধবার রাতে পুরীর জগন্নাথ মন্দিরের লাগোয়া এক শপিংমলে ভয়াবহ আগুন লাগে। বৃহস্পতিবার সকালেও আগুন নিয়ন্ত্রনে আসেনি বলে জানা গিয়েছে। প্রায় ১২ ঘণ্টার বেশি সময় ধরে আগুন জ্বলছে পুরীর লক্ষ্ণী মার্কেটে। সূত্রের খবর, ৪০টির বেশি দোকান ইতিমধ্যেই পুড়ে ছাই হয়েছে। জনবহুল এলাকায় আগুন লাগায় আশেপাশের হোটেলগুলি থেকে শতাধিক পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে পুরী প্রশাসন। বর্তমানে দমকলের ১২টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে এই মুহুর্তে।

পুরী পুলিশের তরফে জানা যাচ্ছে, পুরীর জগন্নাথ মন্দিরের অদূরে লক্ষ্ণী মার্কেট শপিং মলে বুধবার রাত ৯টা আগুন লেগে যায়। প্রথমে প্রথম তলায় আগুন লাগে, পরে তা অন্যান্য তলাতেও ছড়িয়ে পড়ে। প্রথমে দমকলের তিনটি ইঞ্জিন যায় ঘটনাস্থলে। পরে দফায় দফায় আরও ইঞ্জিন পাঠানো হয়। বৃহস্পতিবার সকালেও দমকলের ১২টি ইঞ্জিন এবং প্রায় ১৬০ জন দমকল কর্মী আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখন নিয়ন্ত্রনে এলেও বেশ কিছু দোকানে পকেট ফায়ার আছে। জানা গিয়েছে একটি জামাকাপড়ের দোকানেই আগুন লেগেছিল প্রথমে।

আগুন লাগার পরই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর হুড়োহুড়ি শুরু হয়ে যায় জনবহুল ওই এলাকায়। যখন আগুন লেগেছিল, তখন ওই শপিং মলে শতাধিক মানুষ ছিলেন। অনেকেই উপরের তলায় আটকে পড়েন। পরে দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী সকলকে নিরাপদে বের করে নিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত আগুনে তিনজন জখম হয়েছেন বলেই খবর। পাশাপাশি আগুনের কালো ধোঁয়ায় একাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পুরী প্রশাসন জানিয়েছে, প্রায় শতাধিক পর্যটককে আশেপাশের হোটেলগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

About Post Author