Home » সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন সয়াবিনের কাটলেট

সন্ধ্যার জলখাবারে বানিয়ে ফেলুন সয়াবিনের কাটলেট

সময় কলকাতা ডেস্ক, ৯ ফেব্রুয়ারি: সন্ধ্যার জলখাবারে চায়ের সঙ্গে ‘টা’ না থাকলে একদমই ভালো লাগেনা। তাই পরিবারের সদস্যদের চমক দিতে  বাড়িতেই বানিয়ে ফেলুন সয়াবিনের কাটলেট। আপনার জন্য রইল খুব সহজ একটি রেসিপি।

উপকরণ

ভেজানো সয়াবিন-১০০ গ্রাম

আলু-মাঝারি মাপের ২ টি

গরম মশলা-১ চা চামচ

ধনেপাতা কুচি-২ টেবিল চামচ

গোল মরিচের গুঁড়ো-১ চা চামচ

তেল-১ কাপ

গাজর-২ টি মাঝারি মাপের গাজর কুচিয়ে রাখা

বিস্কুটের গুঁড়ো বা ব্রেড ক্রাম্বস-আধ কাপ

বেসন-২ টেবিল চামচ

রসুন-৪টি কুচিয়ে রাখা

হলুদ ও লবণ-পরিমাণ মতো

প্রণালী

প্রথমেই দুটি আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এরপর কুচিয়ে রাখা গাজর ও সিদ্ধ আলু একসঙ্গে মেখে নিন।  এবার অপর একটি পাত্রে বেসন নিন। বেসনে জল ও লবণ মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন।  একটি বড় পাত্রে ব্রেড ক্রাম্বস এবং তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে নিয়ে ভাল ভাবে মেশান।

এবার পুরো মিশ্রণটি হাতের তালু দিয়ে কাটলেটের আকারে তৈরি করুন। কাটলেট গুলি একে একে বেসনের মিশ্রণে ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে মাখিয়ে নিন।  বড় আকারের একটি কড়াইয়ে তেল গরম করে ডোবা তেলে কাটলেট গুলি ডিপ ফ্রাই করে নেবেন। স্যালাড,কাসুন্দি বা সস সহযোগে গরম গরম পরিবেশন করুন সোয়াবিনের কাটলেট।

About Post Author