Home » সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে গভীর রহস্য!

সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে গভীর রহস্য!

সময় কলকাতা ডেস্ক, ১১ মার্চ: বলিউডের প্ৰখ্যাত অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক প্রয়াত হয়েছেন ৯ মার্চ ভোররাতে। প্রাথমিকভাবে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু প্রয়াত অভিনেতার মৃত্যুর দু’দিন পর তৈরি হয়েছে গভীর রহস্য। কৌশিকের মৃত্যু কী স্বাভাবিক? অভিনেতার মৃত্যুর একদিনের মধ্যেই দিল্লি পুলিশ হানা দিল সতীশ কৌশিকের এক বন্ধুর বাড়িতে। ওই বাড়িতেই হোলির দিন ছিলেন সতীশ। সেখান থেকে ফেরার পথেই গাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানকার চিকিৎসকরা সতীশ কৌশিককে মৃত ঘোষণা করেছিলেন।

সূত্রের খবর, দক্ষিণ-পশ্চিম দিল্লির ওই খামারবাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। ওই খামারবাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ওষুধপত্র। সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে তৈরি হল গভীর রহস্য। হোলির দিন দিল্লির এক বন্ধুর বাড়িতে পার্টিতে আমন্ত্রিত ছিলেন প্রয়াত অভিনেতা। কিন্তু ওই পার্টিতে কি হয়েছিল জানতে এবার সেই খামারবাড়িতে হানা দিল দিল্লি পুলিশ। সেখানে পাওয়া গিয়েছে বিভিন্ন ওষুধপত্র। সতীশ কৌশিকের মৃত্যুর সঙ্গে ওই ওষুধগুলির কোনও যোগ রয়েছে কিনা এবার তদন্ত করবে পুলিশ।

জানা যাচ্ছে অভিনেতার দেহ ময়নাতদন্ত হয়েছে। প্রয়াত অভিনেতার হৃদয় ও রক্তের নমুনা সংরক্ষণ করে রাখা হয়েছে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য। এবার সব পরীক্ষা করে দেখা হবে। সূত্রের খবর, পুলিশের নজরে রয়েছে ওই হোলি পার্টি। সেখানে কারা কারা আমন্ত্রিত ছিলেন সেই তালিকাও জোগার করা হয়েছে। এখন ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য অপেক্ষা করছেন তদন্তকারীরা।

About Post Author