সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চঃ ফের বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ। শনিবার সন্ধ্যা সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। জানা গিয়েছে, এদিন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার সময় ফরাক্কা ব্রিজের উপর বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় এবং তা লাগে ট্রেনের সি ১৩ কোচে। সঙ্গে সঙ্গেই ট্রেনটির জানলার কাঁচ ভেঙে যায়। এই ঘটনায় যাত্রীরা রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বন্দে ভারতের যাত্রী সুরক্ষা নিয়ে। যদিও বন্দে ভারত এক্সপ্রেসে একের পর এক হামলার ঘটনায় উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষও। শুরু হয়েছে তদন্ত। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। কে বা কারা বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছুঁড়ল তা জত দ্রুত সম্ভব খতিয়ে দেখা হবে।”
উল্লেখ্য, গত বছরের ৩০ ডিসেম্বর যাত্রী পরিষেবা চালুর পরই বন্দে ভারত এক্সপ্রেসে একাধিকবার পাথর ছোড়ার ঘটনা প্রকাশ্যে এসেছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়িগামী বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার দু-সপ্তাহের মধ্যেই পরপর ৪ দিন বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হয়। গত ৩ জানুয়ারি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢোকার মুখেই বেশ কয়েকজন ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। এনএফ রেলের সামসি আরপিএফ পোস্ট রেলের সম্পত্তি ভাঙচুরের জন্য রেল আইনের ১৫৪ ধারায় এফআইআর দায়ের করেছিল। ট্রেনের একটি কামরার দরজা এবং জানালার কাঁচের পাথরের আঘাতে চির ধরে গিয়েছে। সেই ঘটনায় তিন জন নাবালককে গ্রেফতার করা হয়।

এরপর গত ৪ জানুয়ারি এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগেই সেটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। স্টেশনে ঢোকার পর দেখা যায় ট্রেনটির জানালার কাচ ভাঙা রয়েছে। সেমি হাই স্পিড ট্রেনটির C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলেই অভিযোগ ওঠে। এরপর ১১ জানুয়ারি ফের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হয় পাথর। এই ঘটনায় ট্রেনটির একটি কামরার কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রকাশ্যেও এসেছিল সেই ছবি। এদিকে,রাজ্যে একের পর এক বন্দে ভারতের উপর আক্রমণ নিয়ে রীতিমতো রাজনৈতিক তরজাও শুরু হয়েছিল। বিজেপি-র অভিযোগ, বন্দে ভারত রাজনৈতিক কারণে আক্রান্ত হচ্ছে। যদিও সেই দাবি কার্যত উড়িয়ে দিয়েছিল রাজ্য শাসক দল।


More Stories
ফুটবল খেলোয়াড় প্রতীকে মমতা, খামে বন্দি ঋত শিবির
‘দিল্লি কা লাড্ডু’ খেয়ে গাছের মগডালে : আহমেদ আনসারীর আশ্চর্য কাহিনী
কেন আত্ম*ঘাতী হাবড়া থানার এসআই?