সময় কলকাতা ডেস্ক, ১২ মার্চঃ এবার বকেয়া ডিএ চেয়ে সরকারি কর্মচারীদের আন্দোলন প্রত্যাহারের ডাক দিলেন বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সবপক্ষকে আলোচনার টেবিলে বসে দ্রুত সমস্যা সমাধানের পরামর্শ সি ভি আনন্দ বোসের। শনিবার একটি টুইট করে অনশন তুলে নেওয়ার আর্জি জানান তিনি। এদিকে রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রবিবারই রাজভবনে যাচ্ছেন আন্দোলনকারীরা। নিজেদের দাবির কথা রাজ্যপালকে জানাবেন তাঁরা। আর রাজ্যপাল তা মেনে নিলে অনশন প্রত্যাহার করা হবে বলেই জানান আন্দোলনকারীরা।

শনিবার প্রথম টুইট বার্তায় রাজ্যপাল সি ভি আনন্দ বোস লেখেন,আন্দোলনকারীদের অনশন চার সপ্তাহ হয়ে গিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অনশনকারীদের জীবন। এই ঘটনায় রাজ্যপাল মর্মাহত। সমস্যা জটিল হলেও সহজভাবেই তার সমাধান সম্ভব। এই মুহূর্তে আমাদের ভাইদের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কী হতে পারে!” একইসঙ্গে দ্বিতীয় টুইটে রাজ্যপাল লেখেন, “আন্দোলনকারী ভাইদের কাছে ভীষণই আবেগের বিষয় নিয়ে তাঁরা লড়াই করছে।”

উল্লেখ্য, গত চার সপ্তাহ ধরে মহার্ঘ্য ভাতা চেয়ে শহীদ মিনারের নীচে গত ৪৫ দিন ধরেই আন্দোলন করছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের দাবি, তাদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতেই হবে। এই দাবিতেই ধর্মঘটও করেছে তারা। পাল্টা রাজ্যের দাবি, কেন্দ্র রাজ্যের বকেয়া মেটাচ্ছে না। এমনবস্থায় বকেয়া ডিএ মেটানো সম্ভব নয়। এদিকে রাজ্য প্রশাসনের দাবি, শুক্রবার ধর্মঘটের জেরে রাজ্যে প্রায় পাঁচ হাজার শিক্ষক স্কুলে আসেননি। এই পাঁচ হাজার শিক্ষকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় স্কুল শিক্ষা দফতর। কেননা শুক্রবারের ধর্মঘট নিয়ে নবান্নের স্পষ্ট নির্দেশিকা ছিল, কেউ অনুপস্থিত থাকলেই তাঁর একদিনের বেতন কাটা হবে। যা নিয়ে পাল্টা হুমকিও দিয়েছেন আন্দোলনকারীরা। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সরকার একদিনের বেতন কাটলেই তাঁরা আদালতের দারস্থ হবেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?