Home » ফের হাজিরা এড়িয়ে গেলেন কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল

ফের হাজিরা এড়িয়ে গেলেন কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল

সময় কলকাতা ডেস্ক,১৫ মার্চঃ বুধবার দিল্লিতে ইডি-র সদর দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডলের। কিন্তু স্বভাবসিদ্ধ ভাবে এদিনও হাজিরা এড়িয়ে গেলেন সুকন্যা। যা নিয়ে শুরু হয়েছে  জোর জল্পনা। আইনজীবী মারফত চিঠি দিয়ে ইতিমধ্যেই সুকন্যা মণ্ডল জানিয়েছেন,তাঁর শারীরিক অসুস্থতার কারণে  আজ হাজিরা দিতে পারবেন না। তাঁকে কিছুটা সময় দেওয়া হোক।


উল্লখ্যে,গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই অনুব্রতর সম্পত্তির খোঁজে তল্লাশি করতেই উঠে আসে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নাম। তাঁর নামে একাধিক সম্পত্তি ও কোম্পানির হদিশ মেলে। এছাড়াও সামনে আসে বোলপুরে কোটি কোটি টাকার জমির পাশাপাশি তৃণমূল নেতার একাধিক রাইস মিলের একের পর এক বিস্ফোরক তথ্য। পেশায় একজন শিক্ষিকা হয়ে কি করে এত সম্পত্তির মালিক হলেন সুকন্যা, তা জানতেই অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর সুকন্যাকে দিল্লিতে ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। কিন্তু সেসময় তিনি জানিয়েছিলেন, এই সব বিষয়ে বিস্তারিত তথ্য তাঁর বাবা ও হিসাবরক্ষকের কাছেই রয়েছে। কার্যত সেকারণেই এবার তিন জনকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চান ইডি-র আধিকারিকরা।

এদিকে,মঙ্গলবারই টানা ৭ ঘণ্টা ম্যারাথন জেরার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে দিল্লির রাউস অ্য়াভিনিউ কোর্টে পেশ করবে ইডি। মনীশ কোঠারি দীর্ঘদিন ধরেই অনুব্রত মণ্ডলের যাবতীয় আর্থিক হিসাব রাখেন। ইডি সূত্রে জানা যাচ্ছে, অনুব্রত মণ্ডলের মেয়ে ও অন্যান্য আত্মীয়দের নামে ও বেনামে কত সম্পত্তি রয়েছে সে সম্পর্কেই এদিন মনীশকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। কিন্তু তদন্তে অসহযোগিতা করছিলেন তিনি। এরপরই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন তদন্তকারীরা।

About Post Author