Home » মতুয়া মহামেলা নিয়ে বাংলায় টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

মতুয়া মহামেলা নিয়ে বাংলায় টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

সময় কলকাতা ডেস্ক, ১৭ মার্চ: প্রতি বছরের মতো এবছরও মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মতুয়া ধামে মহামেলার আয়োজন হচ্ছে। আগামী ১৯ থেকে ২৫ মার্চ উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে এই মহামেলা বসবে। আর মতুয়া সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসবের প্রাক্কালে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার তিনি বাংলায় টুইট করে চমক দিলেন। টুইটে কী লিখলেন মোদি?

প্রধানমন্ত্রী এদিন বাংলা ভাষায় টুইট করে মতুয়া সম্প্রদায়ের মানুষজনকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে দিয়েছেন বিশেষ বার্তা। তিনি লিখেছেন, “এক অত্যন্ত গুরুত্বপূর্ন অনুষ্ঠান হল এই মতুয়া মহামেলা। যেটি মতুয়া সম্প্রদায়ের স্পন্দমান সংস্কৃতিকে তুলে ধরে সকলকে তিনি এই মেলাতে অংশগ্রহণ করার অনুরোধ জানান”। প্রধানমন্ত্রী আরও বলেন, “দয়া ও সেবার পথ দেখানোর জন্য ঠাকুর শ্রীশ্রী হরিচাঁদ জীর প্রতি মানবজাতি চিরঋণী হয়ে থাকবে”। প্রসঙ্গত, মতুয়া মহামেলা নিয়ে আরেকটি টুইট করে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও সকলে ঠাকুরবাড়ি আসার আমন্ত্রণ জানিয়েছেন।

উল্লেখ্য, আসন্ন পঞ্চায়েত ভোট ও আগামী বছর লোকসভা ভোটের আগে মতুয়া সম্প্রদায়ের সমর্থন নিজেদের দিকে ধরে রাখতে রণকৌশল সাজাচ্ছে বিজেপি। এনআরসি ইস্যুতে যেমন নতুন করে শান দেওয়া হচ্ছে তেমনই মতুয়া মহামেলা বা বারুণী মেলা নিয়েও আলাদা করে তৎপরতা দেখাচ্ছে বিজেপি। গত বছর এই মেলা শুরুর দিন ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবারও তেমন কিছু করার চিন্তাভাবনা রয়েছে বিজেপির। পাশাপাশি উত্তরবঙ্গ ও অসম থেকে বনগাঁ পর্যন্ত দুটি বিশেষ ট্রেনও দিয়েছে রেল মন্ত্রক। সবমিলিয়ে মতুয়াদের ভোট নিজেদের ঝুলিতে রাখতে সবরকম উদ্যোগ নিয়েছে বিজেপির হাইকম্যান্ড।

About Post Author