Home » ফুটবল থেকে বিদায় নিলেন জার্মান তারকা মেসুত ওজিল

ফুটবল থেকে বিদায় নিলেন জার্মান তারকা মেসুত ওজিল

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৩ মার্চ: অবশেষে গুঞ্জনে পড়ল সিলমোহর। ফুটবলকে বিদায় জানালেন মেসুত ওজিল। বাসাকশেহিরের সঙ্গে চুক্তি বাতিল হলে ফুটবলকে বিদায় জানাবেন ওজিল, এমন গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। অবশেষে বুধবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে অবসরের কথা ঘোষণা করলেন জার্মানির বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। গত কয়েকমাস ধরে চোট আঘাতে ভুগছিলেন ৩৪ বছরের এই তারকা ফুটবলার। অবশেষে ফুটবল বুটটি তুলে রাখার  সিদ্ধান্ত নিলেন মেসুত ওজিল।

পেশাদার ফুটবলকে বিদায় জানানোর বার্তায় ওজিল লিখেছেন, “আমার ১৭ বছরের পেশাদারী ফুটবল জীবনে অনেক সম্মান পেয়েছি। এমন দারুণ সুযোগের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু বেশ কয়েক মাস ধরে আমি চোট আঘাতে ভুগছি। এই চোট আঘাত নিয়ে খেলা চালিয়ে যাওয়া উচিত হবে না। এই চোট সেরে গেলেও কতটা সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবো, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ফলে আমি সব ভাবনা চিন্তা করেই পেশাদার ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিচ্ছি।” ১৯৮৮ সালের ১৫ অক্টোবর জার্মানির জনবহুল শহর গেলজেনকিয়েরজেনে জন্ম গ্রহণ করেন ওজিল। ঘরের ক্লাব শালকের হয়ে পেশাদারী ফুটবলে হাতেখড়ি হয়েছিল এই জার্মান-তুর্ক ফুটবলারের।

আরও পড়ুন  ভারত-অস্ট্রেলিয়া সিরিজ হেরে আইসিসি-র ওয়ান ডে শীর্ষস্থান হারাল রোহিতরা

এরপর ২০০৮ সালে যোগ দিয়েছিলেন জার্মানির অন্যতম সফল ক্লাব ওয়ের্ডের ব্রেমেনে। ব্রেমেনে ভালো খেলার সুবাদে ২১ বছর বয়সে জার্মানির জাতীয় দলে ডাক পান ওজিল। এরপর ২০১০ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির হয়ে নজর কেড়েছিলেন তিনি। ফলে ইউরোপের নামজাদা ক্লাবগুলির নজরে চলে আসে সদ্য যুবক ওজিল। ২০১০ আফ্রিকা বিশ্বকাপ শেষ হলেই, ইউরোপের সফলতম ক্লাব রিয়েল মাদ্রিদ তাঁকে সই করায়।  ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সঙ্গে ফুটবল মাঠে তাঁর জুটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল ফুটবল মহলে। এই জুটির সৌজন্যে ২০১১-১২ মরশুমে লা লিগায় চ্যাম্পিয়ন হয় রিয়াল মাদ্রিদ। পরপর তিন মরশুমে লা লিগায় সর্বোচ্চ অ্যাসিস্ট করে নজির গড়েন ওজিল।

এরপর ২০১৩ সালে রেকর্ড অর্থে এই জার্মান ফুটবলারকে সই করিয়ে চমক দেয় প্রিমিয়ার লিগের শতাব্দী প্রাচীন ক্লাব আর্সেনাল। এই চুক্তির ফলে জার্মানির ইতিহাসে তিনি হয়ে ওঠেন সব থেকে দামী ফুটবলার। এরমধ্যে ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় জার্মানি। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওজিল। তবে ২০১৮ সালে বিশ্বকাপে ব্যর্থতা এবং ফেডারেশনের সঙ্গে নানা ঝামেলায় জড়ানোর পর জাতীয় দল থেকে অবসর নেন ওজিল। জাতীয় দলকে বিদায় বললেও ক্লাব ফুটবল চালিয়ে গেছেন। ঢাকঢোল পিটিয়ে ওজিলকে সই করলেও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি লন্ডনের ক্লাবটি। চুক্তির শেষের দিকে আর্সেনাল কোচ মাইকেল আর্তেতার উপর ক্ষুব্ধ হয়ে আর্সেনাল ছাড়েন ওজিল।

আরও পড়ুন  সুখবর, এসি ইকোনমি কোচের ভাড়া কমাল ভারতীয় রেল

২০২১-২২ মরশুমে যোগ দেন তুরস্কের ক্লাব ফেনারবেচেতে। সেখান থেকে সর্বশেষ ইস্তাম্বুল বেসেকসেহিরে খেলেন। ১৭ বছরের ফুটবল জীবনে বিতর্ক পিছু ছাড়েনি ওজিলকে। ওজিল ও তুরস্ক প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগানের সাক্ষাৎ ভালো চোখে দেখেনি জার্মানরা। বিশ্বকাপ জয়ী তারকার উদ্দ্যেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে উড়ে এসেছে বর্ণবিদ্বেষেমূলক মন্তব্য। উড়ে আসে প্রাণনাশের হুমকিও। হুমকি সহ্য করতে না পেরে পাল্টা ক্ষোভ উগড়ে দেন ওজিল। এরপরও ক্লাব ফুটবলেও কোচেদের সঙ্গে বিতন্ডায় জড়িয়ে শিরোনামে এসেছেন একাধিকবার।  ফুটবল মাঠের এহেন বর্ণময় চরিত্র এবার ফুটবল মাঠকে বিদায় জানানোয় কিছুটা বর্ণহীন হয়ে পড়ল ইউরোপীয় ফুটবল।

About Post Author