সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৩ মার্চ: বুধবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের নির্নায়ক ম্যাচে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত। তিন ম্যাচের সিরিজের প্রথমটি জিতলেও রোহিত শর্মারা দ্বিতীয় ম্যাচ হারে। ফলে সিরিজ নিজেদের দখলে রাখতে হলে চেন্নাইয়ে জিততেই হতো ভারতকে। কিন্তু জঘন্য খেলে ম্যাচ হাতছাড়া করলেন রোহিত শর্মা-মহম্মদ শামিরা। সেই সঙ্গে আইসিসি ওয়ান ডে বিশ্ব ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হাতছাড়া করলেন তাঁরা।

চলতি ওয়ান ডে সিরিজে ভারতকে ২-১ ব্যাবধানে হারিয়ে অস্ট্রেলিয়া আইসিসি-র ক্রম তালিকায় এক নম্বরে উঠে এল। ফলে দুয়ে নেমে এল ভারত। সম্প্রতি আইসিসি যে ক্রম তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে উঠে এল আস্ট্রেলিয়া। তাঁদের পয়েন্ট ৩৯৬৫। অপরদিকে ৫২৯৪ পয়েন্ট নিয়েও ১১৩ রেটিং পয়েন্ট থাকায় দুইয়ে নেমে এল ভারত। এই ক্রম তালিকা চেন্নাই ম্যাচের পর হিসেব করা। আইসিসি ওয়ান ডে তালিকায় ৩২২৯ পয়েন্ট ও ১১১ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে নিউজিল্যান্ড। আর ৩৯৯৮ পয়েন্ট ও ১১১ রেটিং পয়েন্ট নিয়ে চারে ইংল্যান্ড।
আরও পড়ুন ওয়ান ডে সিরিজ: অস্ট্রেলিয়া ভারতকে বড় রানের টার্গেট দিল
বুধবার সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলে ২৬৯ রান। দলের হয়ে সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ। তিনি ৪৭ রান করে হার্দিক পাণ্ডিয়ার বলে আউট হন। এছাড়া অন্যান্য অজি ব্যাটসম্যানরা বড় রান না পেলেও অনেকেই দুই অঙ্কের রান করেন। ট্রেভিস হেড ৩৩ রান, ডেভিড ওয়ার্নার ২৩ রান, লাবুশানে ২৮ রান, অ্যালেক্স কেরি ৩৮ রান, স্টোয়নিস ২৫ রান এবং শ্যেন অ্যাবট ২৬ রান করেন। ফলে শুরুতে চাপে পড়লেও অজিরা ভারতকে ২৭০ রানের টার্গেট দিতে পারে। ভারতের হয়ে তিন উইকেট পেলেন হার্দিক পাণ্ডিয়া ও কুলদীপ যাদব। দুই উইকেট পেলেন অক্ষর প্যাটেল ও মহম্মদ সিরাজ।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ হেরে যায় ভারত। একমাত্র বিরাট কোহলি অর্ধশতরান করেন। রোহিত শর্মা ১৭ বলে ৩০ রান করলেও বাকিরা মন্থর ব্যাটিং করেন। শুভমান গিল ৪৯ বলে ৩৭ রান, কে এল রাহুল ৫০ বলে ৩২ রান, রবীন্দ্র জাদেজা ৩৩ বলে মাত্র ১৮ রান করে আউট হন। বিরাট কোহলিও ৫৪ রান করতে ৭২ বল খেললেন। ফলে শেষের দিকে চাপে পড়ে উইকেট খুঁইয়ে ম্যাচ হাতছাড়া করল ভারত। অজি স্পিনার অ্যাডাম জাম্পা ৪ উইকেট এবং অ্যাস্টন অ্যাগার ২ উইকেট নিয়ে ভারতের কোমর ভেঙে দেন। ফলে ম্যাচ ও সিরিজ হারিয়ে ঘরের মাঠেই লজ্জার সম্মুখীন হলেন রোহিত শর্মরা।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে