সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ২৩ মার্চ: ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে আগুনটা ধিকিধিকি জ্বলছিলই। তাতে ঘৃতাহুতি পড়ল এটিকে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর। এবার তা আগ্নেয়গিরি হয়ে কলকাতার রাস্তায় নেমে এল। বৃহস্পতিবারই একদল ইস্টবেঙ্গল সমর্থক তুমুল দেখালেন বাইপাসের রুবি মোড়ের কাছে ইনভেস্টর সংস্থা ইমামির দফতরের সামনে। ২৪ ঘণ্টা আগেই ইস্টবেঙ্গল ক্লাবের তরফে এক প্রেস বিজ্ঞপ্তি জারি করে ব্যর্থতার সব দায় ঠেলে দেওয়া হয়েছিল ইনভেস্টর ইমামির দিকেই। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ‘পরবর্তী সময় ভালো দল গড়ার সুযোগ থাকলেও বিনিয়োগকারী সংস্থা তা কাজে লাগাতে পারেনি’। এমনকি এও বলা হয়, বাজেট না বাড়ালে এবার অন্য রাস্তায় হাঁটতে হবে ক্লাবকে। এবার ইস্টবেঙ্গল সমর্থকরা বিক্ষোভ দেখায় ইমামি গ্রুপের কলকাতার দফতরের সামনে।

এদিন বাইপাসের ধারে ইমামি হাউসের সামনে তুমুল বিক্ষোভ দেখান লালহলুদ সমর্থকরা। তাঁদের হাতে ছিল একাধিক ব্যানার ও প্ল্যাকার্ড। মূলত ভালো দল গড়ার জন্য বাজেট বাড়ানোর দাবি জানায় বিক্ষোভকারীরা। এছাড়া পড়শি ক্লাব মোহনবাগানের মতো সুসংগঠিত দল গড়ার দাবিও জানায় লালহলুদ সমর্থকরা। এদিন বিক্ষোভ সামলাতে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। তবে কোনও বিশৃঙ্খলা হয়নি ইমামি হাউসের সামনে। বিক্ষোভে অংশ নেওয়া এক ইস্টবেঙ্গল সমর্থক জানান, আমাদের ক্লাবকে বঞ্চনা করা হচ্ছে। ইমামি এখন আমাদের স্পনসর করছে, কিন্তু তা সত্বেও আমরা হেরে বাড়ি ফিরছি। ভালো দল তৈরি হচ্ছে না। ইমামি কর্তা আমাদের আশ্বাস দিয়েছিলেন, ভালো দল গড়া হবে। কিন্তু তিনি কথা রাখেননি।
আরও পড়ুন ফুটবল থেকে বিদায় নিলেন জার্মান তারকা মেসুত ওজিল
সদ্য শেষ হওয়া আইএসএলের জন্য এটিকে মোহনবাগান যেখানে ৫০-৬০ কোটি টাকা খরচ করেছে। সেখানে ইনভেস্টররা ইস্টবেঙ্গলে বিনিয়োগ করেছে মাত্র ২০ কোটি টাকা। যা দিয়ে দল গড়তে হয়েছে ইস্টবেঙ্গলকে। এছাড়া দল গড়ার ক্ষেত্রেও গড়িমসি করার অভিযোগ উঠেছিল। ফলে ভালো ফুটবলাররা হাতছাড়া হয়েছে। ইস্টবেঙ্গল কর্তারাও মনে করছেন, মোহনবাগানের সঙ্গে তাঁদের ফারাক ২০ থেকে ২৫ কোটি টাকার। যেটা পার্থক্য গড়ে দিচ্ছে আইএসএলের অন্যান্য দলগুলির সঙ্গে। এই ঘটনায় একটা বিষয় পরিস্কার, আগামীদিনে ইমামি গ্রুপ এবং ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে যে বৈঠক হওয়ার কথা তা বেশ উত্তপ্ত হবে। এখন দেখার ইনভেস্টর সংস্থা ইমামি আগামী মরশুমের জন্য দল গঠনের বাজেট বাড়ায় কিনা।

আরও পড়ুন ভারত-অস্ট্রেলিয়া সিরিজ হেরে আইসিসি-র ওয়ান ডে শীর্ষস্থান হারাল রোহিতরা
এদিন বাইপাসের ধারে ইমামি হাউসের সামনে কয়েকশো ইস্টবেঙ্গল সমর্থক বিক্ষোভ দেখানোর পর অফিস থেকে দুজন নীচে নেমে আসেন। তাঁরা কথা বলেন বিক্ষোভকারীদের সঙ্গে। এরপরই বিক্ষোভ তুলে নিয়ে চলে যান ইস্টবেঙ্গল সমর্থকরা। তবে লালহলুদ সমর্থকদের হুঁশিয়ারি এবার ভালো দল গঠন না হলে আরও বড় আন্দোলন হবে। অপরদিকে ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা বলছেন আত্মসমীক্ষা করতে হবে। আর তাঁদেরও দাবি, আইএসএলে ভালো ফল করতে হলে বাজেট আরও বাড়াতে হবে। কারণ যেখানে ৫০-৬০ কোটি টাকা নিয়ে দল গড়ছে অন্যান্য ক্লাবগুলি, সেখানে ইস্টবেঙ্গলের জন্য বরাদ্দ সামান্য টাকা। এই মানসিকতা বলদের প্রয়োজন বলেই মনে করছেন ক্লাবকর্তারা।


More Stories
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে