Home » শিয়ালদা মেন শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন! এবার কেন?

শিয়ালদা মেন শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন! এবার কেন?

সময় কলকাতা ডেস্ক, ২৫ মার্চ:  শিয়ালদা মেন শাখায় ফের একাধিক লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। শনিবার রাত থেকে রবিবার রাত পর্যন্ত ২৩ ঘণ্টা ধরে চলবে রেল সেতুর রক্ষণাবেক্ষণের কাজ। আর এর জেরে বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন। যদিও শনিবার কম ট্রেন বাতিল হলেও রবিবার বেশি ট্রেন বাতিল করা হয়েছে। রেল এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ইছাপুর স্টেশনের কাছে ব্রিজ নম্বর ৬৫ টি রক্ষণাবেক্ষণের জন্য পাওয়ার ও ট্রাফিক ব্লকের প্রয়োজন হবে। এর জেরে শনিবার (২৫ মার্চ) রাত ১০টা থেকে রবিবার (২৬ মার্চ) রাত ৯টা পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রিত করা হবে। এর জেরেই বাতিল থাকবে একগুচ্ছ লোকাল ট্রেন। যদিও শনিবার মাত্র ৩ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কিন্তু রবিবার আরও বেশি বাতিল থাকবে ট্রেন।

আরও পড়ুন  আইআরসিটিসি নিয়োগ করবে ‘ট্যুরিজ্‌ম মনিটর’, পোস্টিং পূর্বাঞ্চলে, রইল বিস্তারিত

পূর্ব রেল ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার এক জোড়া শিয়ালদা-নৈহাটি (৩১৪৪৩ ও ৩১৪৫০), এক জোড়া শিয়ালদা-শান্তিপুর (৩১৫৩৯ ও ৩১৫৪০) এবং এক জোড়া শিয়ালদা-রানাঘাট (৩১৬২৯ ও ৩১৬৩৬) লোকাল। অপরদিকে রবিবার অনেক বেশি ট্রেন বাতিল থাকছে।  শিয়ালদা এবং নৈহাটির মধ্যে ৫ জোড়া ট্রেন বাতিল থাকবে।   শিয়ালদা এবং কল্যাণী সীমান্তের মধ্যে ৪ জোড়া ট্রেন বাতিল থাকবে।  শিয়ালদা এবং রানাঘাটের মধ্যে ৩ জোড়া এবং শিয়ালদা এবং ব্যারাকপুরের মধ্যে ২ জোড়া ট্রেন বাতিল থাকবে। এছাড়া, শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-কৃষ্ণনগর, শিয়ালদা-গেদে এবং দমদম-ব্যারাকপুরের মধ্যে এক জোড়া করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।  পাশাপাশি তিন জোড়া ট্রেন ব্যারাকপুর পর্যন্ত সংক্ষেপিত করা হচ্ছে রবিবার।

উল্লেখ্য, নৈহাটি এবং কল্যাণী স্টেশনের মধ্যে তৃতীয় লাইন চালু এবং সিগন্যালিং ব্যবস্থার উন্নতির জন্য চলতি মাসের প্রথম থেকে শতাধিক ট্রেন বাতিল করেছিল পূর্ব রেল। সেই কাজ এখনও চলছে। যদিও এখন ট্রেন বাতিলের সংখ্যা অনেকটাই কমেছে। তবুও সকাল ও সন্ধ্যায় অফিস টাইমে নিত্যযাত্রীদের ভোগান্তি কমেনি। শুক্রবার বিকেলেও শিয়ালদা মেন শাখায় দীর্ঘক্ষণ দেরিতে চলেছে লোকাল ট্রেন। ফলে অফিস ফেরত যাত্রীরা চরম সমস্যায় পড়েন। এক থেকে দেড় ঘণ্টা দেরিতে চলছে লোকাল ট্রেন। এর ওপর ইছাপুর স্টেশনে ব্রিজের গার্ডার প্রতিস্থাপন করার জন্য নতুন করে ট্রেন বাতিল হওয়ায় সমস্যা আরও বাড়বে বলেই মনে করছেন নিত্যযাত্রীরা। যদিও রেলের দাবি, রবিবার ছুটির দিন থাকায় খুব একটা সমস্যা হবে না।

About Post Author