সময় কলকাতা ডেস্ক, ২৫ মার্চ: হাওড়া শাখাতেও বাতিল লোকাল ট্রেন। শিয়ালদা-রানাঘাট মেন শাখায় বিগত কয়েকদিন ধরেই বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন। এর ওপর শনি ও রবিবার ২৩ ঘণ্টার জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রিত হবে শিয়ালদা মেন শাখায়। এবার হাওড়া শাখাতেও সমস্ত লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। এক বিজ্ঞপ্তি জারি করে পূর্ব রেল জানিয়েছে, রবিবার (২৬ মার্চ) হাওড়া-বর্ধমান কর্ড শাখায় সমস্ত লোকাল ট্রেন বাতিল করা হল। এই শাখায় বেলানগর স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং প্রতিস্থাপনের জন্যই ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে হাওড়া কর্ড শাখায় বর্ধমান পর্যন্ত কোনও লোকাল ট্রেন চলাচল করবে না। তবে যাত্রীদের সুবিধার জন্য ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হবে।
আরও পড়ুন শিয়ালদা মেন শাখায় ফের বাতিল একাধিক লোকাল ট্রেন! এবার কেন?

পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শনিবার রাত ১২টা ৩০ মিনিট (সময় অনুযায়ী ২৬ মার্চ) থেকে রবিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টা পর্যন্ত হাওড়া-বর্ধমান কর্ড শাখায় সমস্ত লোকাল ট্রেন বাতিল থাকবে। রেলের টাইম টেবিল অনুযায়ী ২৬ মার্চ ২৩ ঘণ্টার জন্য সমস্ত লোকাল ট্রেন বাতিল কর্ড লাইনে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে ভেঙে ভেঙে কয়েকটি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। বিজ্ঞপ্তি অনুযায়ী, ডানকুনি ও বর্ধমানের মধ্যে রবিবার ৮ জোড়া স্পেশাল ট্রেন চলবে। পাশাপাশি দুই জোড়া স্পেশাল ইএমইউ হাওড়া-বর্ধমান কর্ড লাইনে চালানো হবে। এছাড়া হাওড়া থেকে বালি পর্যন্ত মেন লাইন স্পেশাল ট্রেন চলবে বলে জানিয়েছে পূর্ব রেল।
আরও পড়ুন আইআরসিটিসি নিয়োগ করবে ‘ট্যুরিজ্ম মনিটর’, পোস্টিং পূর্বাঞ্চলে, রইল বিস্তারিত

একাধিক এক্সপ্রেস ট্রেনও বাতিল করেছে পূর্ব রেল। আর বেশ কিছু এক্সপ্রেস ট্রেন হাওড়া-বর্ধমান মেন শাখায় ঘুরিয়ে দেওয়া হচ্ছে। যেমন, ২৫ মার্চ রাতে ছাড়া ১২৩৬৯ হাওড়া– দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, ১২৩৩৯ হাওড়া– ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, ১২৩২১ হাওড়া– মুম্বাই এক্সপ্রেস, ১২৩৪৬ গুয়াহাটি– হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, ১২৩৩৪ প্রয়াগরাজ রামবাগ– হাওড়া বিভূতি এক্সপ্রেস ব্যান্ডেল হয়ে বর্ধমানে ঘুরপথে যাবে। এছাড়া ২৬ মার্চ হাওড়া থেকে ১২৩৪০ ধানবাদ-হাওড়া কোলফিল্ড এক্সপ্রেস বর্ধমান থেকে যাত্রা শুরু করবে। রবিবার সরকারি চাকরির পরীক্ষা রয়েছে। ফলে রবিবার হাওড়া ও শিয়ালদা শাখায় চরম ব্যস্ততা থাকবে। কিন্তু হাওড়া-বর্ধমান কর্ড শাখায় কাজ করার জন্য এই দিনকেই বেছে নেওয়ার জন্য বিরক্তি প্রকাশ করেছেন পরীক্ষার্থী এবং তাঁদের অভিভাবকেরা। ট্রেন পরিষেবা ব্যাহত হওয়ার কারণে সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনো নিয়ে সমস্যা হতে পারে বলেও মনে করছেন অনেকে। একই পরিস্থিতি শিয়ালদা মেন শাখায়।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?