সময় কলকাতা ডেস্ক,২৭ মার্চঃ গরু পাচার মামলার তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। এবার গরু পাচার মামলায় বীরভূমের দুই চালকল মালিককে তলব করল সিবিআই। সূত্র মারফত জানা গিয়েছে,সাঁইথিয়ার চালকল মালিক রবিন টিব্রেওয়াল ও তাঁর বাবাকে কলকাতার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। ইতিমধ্যেই গরু পাচার মামলার প্রধান অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ওই চালকল মালিকের আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ্যে এসেছে। কার্যত সেকারণেই দুই চালকল মালিককে তলব করা হয়েছে বলেই সূত্রের খবর।
আরও পড়ুন গরু পাচারকাণ্ডে ফের সিউড়ি থানার আইসিকে তলব ইডি-র

এদিকে,গরু পাচারকাণ্ডে সোমবার ফের সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে তলব করেছিল ইডি-র। সূত্রের খবর,বয়ানে একাধিক অসঙ্গতি থাকার কারণে মহম্মদ আলিকে দ্বিতীয়বার তলব করা হয়েছে। এর আগে গরু পাচার মামলায় সিউড়ি থানার আইসি মহম্মদ আলিকে শনিবার দু’দফায় প্রায় নয় ঘণ্টা ধরে তাঁকে ম্যারাথন জেরা করে ইডি। জিজ্ঞাসাবাদ শেষে রাত প্রায় দশটা নাগাদ ইডির অফিস থেকে বেরোন তিনি। ইডি-র দাবি, পাচারকারীদের সাহায্যের জন্য মোটা অঙ্কের ‘প্রোটেকশন মানি’ পেতেন সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। এমনকী তাঁর শ্বশুরবাড়ির সদস্যদের বেশ কিছু সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে।
আরও পড়ুন রাহুলের সাংসদ পদ খারিজ ইস্যুতে কী বরফ গলছে কংগ্রেস-তৃণমূলের?
কার্যত সেকারণেই তাঁকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সূত্র মারফত জানা গিয়েছে,গরু পাচার চক্রের সঙ্গে যে মোটা অঙ্কের কালো টাকা জড়িয়ে রয়েছে,সেই কালো টাকা কীভাবে সাদা করা হত, তা জানতেই ফের তলব করা হয়েছে। এই গরু পাচারের টাকা কোন পথে ঘোরানো হত, কোন সংস্থায় কত টাকা বিনিয়োগ করা হয়েছে,কার নির্দেশ মতো এই টাকা বিনিয়োগ হয়েছে, সেইসব বিষয়ে জানতেই শনিবার সিউড়ি থানার আইসি মহম্মদ শেখ আলিকে তলব করা হয়েছিল বলেই সূত্রের খবর।

উল্লেখ্য, কয়লা ও গরু– জোড়া পাচার মামলাতেই জড়িত সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। অনুব্রত মণ্ডল, সায়গল হোসেনের এই অবৈধ পাচার প্রক্রিয়ায় মোটা টাকার বিনিময়ে তিনি চুপ করে থাকতেন, এই অভিযোগ উঠেছে মহম্মদ আলির বিরুদ্ধে। ইডি সূত্রে খবর, গত কয়েকমাসে অনুব্রত মণ্ডলের মামলা চালানোর খরচও জুগিয়েছিলেন বীরভূমের সিউড়ি থানার আইসি মহম্মদ আলি। কিছুদিন আগেই কয়লা পাচার কাণ্ডে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। সেসময় তিনি হাজিরাও দিয়েছিলেন। এদিকে, বৃহস্পতিবারই গরু পাচারকাণ্ডে আসানসোল সংশোধনাগারের সুপারেনটেনডেন্ট কৃপাময় নন্দীকে তলব করেছে ইডি। আগামী ৫ এপ্রিল তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে। সূত্রের খবর,ই-মেল মারফত আসানসোল সংশোধনাগারের সুপারেনটেনডেন্টকে দিল্লিতে ইডির সদর দফতরে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর,অনুব্রত মণ্ডল যে সময় আসানসোল জেলে ছিলেন, সেই সময়ের কী কী ঘটেছিল, সেসব নিয়ে তাঁকে প্রশ্ন করা হতে পারে।


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ
বারাসাত পুরসভায় পাহাড়প্রমাণ দুর্নীতির অভিযোগ, সিবিআই তদন্ত চান বিধায়ক শঙ্কর চ্যাটার্জী, শুরু চাপানউতোর