সময় কলকাতা ডেস্ক,৪ এপ্রিলঃ রিষড়াকাণ্ডের জের, উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে মাঝপথেই কলকাতায় ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু, রিষড়াকাণ্ডের জেরে সেই কর্মসূচি বাতিল করেছে রাজ্যপাল। সোমবার রাতের ঘটনার পরই মঙ্গলবার তড়িঘড়ি বাগডোগরা থেকে বিমানে চড়ে কলকাতায় ফিরলেন সি ভি আনন্দ বোস। কলকাতায় পৌঁছেই গাড়ি নিয়ে সোজা রাজ্যপালের কনভয় পৌঁছে যায় রিষড়ায়। কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

এদিন সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল জানিয়েছেন, “ রিষড়ায় অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কাউকে রেয়াত করা হবে না। দুষ্কৃতীদের কোনওভাবে আইন নিজেদের হাতে নিতে দেওয়া চলবে না। পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। এই কালো শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলার মানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে। সেই অধিকার রক্ষা করা হবে। বাংলার মানুষ বহুদিন ধরে রাজনীতির ‘ক্রিমিনালাইজেশন’-এর জন্য ভুক্তভোগী। মানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাঁদের ছাড় দেওয়া হবে না। বাংলার মানুষ অনেক সহ্য করেছে। যারা এই ধরনের কাজ করছে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সমাজে এই ধরনের অশান্তি চিরকালের জন্য বন্ধ হওয়া প্রয়োজন।’’

এদিকে, রবিবারের পর সোমবারও উত্তপ্ত হয়ে ওঠে রিষড়া। সোমবার রাতে ৩ ঘণ্টা বিপর্যস্ত হাওড়ার ট্রেন। মধ্যরাত পর্যন্ত দুর্ভোগের শিকার যাত্রীরা। হুগলির রিষড়া স্টেশনের কাছে সোমবার রাতে অশান্তির জেরে হাওড়া-বর্ধমান শাখায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। স্টেশনের কাছে চার নম্বর রেল গেট এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। অশান্তির কারণে যাত্রী নিরাপত্তায় রিষড়া স্টেশন দাঁড় করিয়ে দেওয়া হয় একটি আপ ব্যান্ডেল লোকালকে। দুর্ভোগে পড়তে হয় হাজার হাজার যাত্রীকে। প্রায় তিন ঘণ্টা পর রাত ১টার পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা। এর পর পুলিশ রিষড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা।

আরও পড়ুন রিষড়াকাণ্ডের জের, উত্তরবঙ্গ সফর কাটছাঁট রাজ্যপালের
প্রসঙ্গত, রবিবার বিকেলে রিষড়ায় রামনবমীর মিছিলে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক-সহ একাধিক নেতা,বিধায়ক। অশান্তির জেরে নিরাপত্তা বিঘ্নিত হয় বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। যদিও নিরাপত্তা রক্ষীরা তাঁকে সময়মতো ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় কোনও বিপদ হয়নি। ইতিমধ্যেই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর,রিষড়া ৫ নং ওয়ার্ড এলাকায় জিটি রোডের উপর আচমকাই মিছিলে হামলা চলে বলে অভিযোগ। চলে ইটবৃষ্টি। তাতে মোহন আদকের গাড়ির কাঁচ ভাঙে, আহত হন বিধায়ক বিমান ঘোষও। তাঁদের তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আহত বিধায়ককে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হাসপাতালে। সরব বিজেপি। সাংবাদিক বৈঠক করে রাজ্য প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে অভিযোগে কার্যত ফেটে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।


More Stories
পুলিশের জালে পলাতক ও অপসারিত বিডিও প্রশান্ত বর্মন
জেলায় জেলায় অনুপ্রবেশকারীদের ও সন্দেহভাজনদের আটক করে রাখা হচ্ছে হোল্ডিং সেন্টারে
বিশেষ চাহিদাসম্পন্নদের ভালোবাসায় মুগ্ধতার বিশেষ প্রয়াস