Home » রিষড়াকাণ্ডের জের, উত্তরবঙ্গ সফর কাটছাঁট রাজ্যপালের

রিষড়াকাণ্ডের জের, উত্তরবঙ্গ সফর কাটছাঁট রাজ্যপালের

সময় কলকাতা ডেস্ক,৪ এপ্রিলঃ  সোমবার রাতে ফের অশান্ত হয়ে ওঠে রিষড়া। হুগলির রিষড়া স্টেশনের কাছে সোমবার রাতে অশান্তির জেরে হাওড়া-বর্ধমান শাখায় প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। রিষড়া স্টেশনের কাছে চার নম্বর রেল গেট এলাকায় ব্যাপক বোমাবাজি হয় বলে অভিযোগ। এই ঘটনায় উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই ঘটনার জেরে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে মাঝপথেই কলকাতায় ফিরছেন তিনি। সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিয়ে বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা ছিল রাজ্যপালের। কিন্তু, রিষড়াকাণ্ডের জেরে সেই কর্মসূচি বাতিল করেছে রাজ্যপাল। সোমবার রাতের ঘটনার পরই মঙ্গলবার বাগডোগরা থেকে বিমানে চড়ে কলকাতায় ফিরেছেন সি ভি আনন্দ বোস। কোনওরকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে ইতিমধ্যেই কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।  এদিন সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল জানিয়েছেন, রিষড়ায় অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। কাউকে রেয়াত করা হবে না। রাজ্যপালের কথায়, ‘‘মানুষের শান্তিতে বাঁচার অধিকার রয়েছে। যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাঁদের ছাড় দেওয়া হবে না।’’

আরও পড়ুন    গরু পাচার মামলায় শুল্ক দফতরের চার কর্তাকে নোটিস সিবিআইয়ের

এদিকে,রিষড়াকাণ্ডে সুকান্ত মজুমদারের সফর ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। অভিযোগ, এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কারণ দেখিয়ে আটকানো হয় বিজেপি রাজ্য সভাপতিকে। জিটি রোডে ব্যারিকেড ভেঙে দেন বিজেপি কর্মীরা। পুলিশের সঙ্গে তাঁদের ধস্তাধস্তি হয়। এরপর রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। তৈরি হয় মঞ্চও। তবে, বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর পথ অবরোধ তুলে নেয় বিজেপি কর্মী সমর্থকেরা। এদিনের পরিস্থিতি প্রসঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি বলেন, ‘মানুষদের উপর হামলা হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ভয়ঙ্কর পরিস্থিতি। ১৪৪ ধারা জারি থাকলেও টিএমসি সাংসদ ঘুরছেন। কিন্তু আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না।


প্রসঙ্গত, রবিবার বিকেলে রিষড়ায় রামনবমীর মিছিলে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক-সহ একাধিক নেতা,বিধায়ক। অশান্তির জেরে নিরাপত্তা বিঘ্নিত হয় বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। যদিও নিরাপত্তা রক্ষীরা তাঁকে সময়মতো ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় কোনও বিপদ হয়নি। ইতিমধ্যেই এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর,রিষড়া ৫ নং ওয়ার্ড এলাকায় জিটি রোডের উপর আচমকাই মিছিলে হামলা চলে বলে অভিযোগ। চলে ইটবৃষ্টি। তাতে মোহন আদকের গাড়ির কাঁচ ভাঙে, আহত হন বিধায়ক বিমান ঘোষও। তাঁদের তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আহত বিধায়ককে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হাসপাতালে। সরব বিজেপি। সাংবাদিক বৈঠক করে রাজ্য প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে অভিযোগে কার্যত ফেটে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রতিবাদে জিটি রোড অবরোধ করে বিজেপি। ঘটনার পর থেকেই এখনও পর্যন্ত এলাকায় জারি ১৪৪ ধারা। অশান্তি রুখতে বন্ধ ইন্টারনেট পরিষেবাও।


এদিকে,ঘটনার পরেই ঘটনাস্থলে পরিদর্শনে যান শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়,উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব,রিষড়ার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র। যদিও গোটা ঘটনায় বিজেপিকেই দাবি করেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ কি উত্তরপ্রদেশের মতো বা গুজরাটের মতো এনকাউন্টার করবে? গুলি চালাবে? শান্ত বাংলাকে অশান্ত করতে এটা করা হচ্ছে। বাংলায় যত শান্তি বিরাজ করবে,বিজেপি ততই হারিয়ে যাবে।

About Post Author