Home » হুগলিতে বামফ্রন্টের মিছিলের রুট বদলালো পুলিশ!

হুগলিতে বামফ্রন্টের মিছিলের রুট বদলালো পুলিশ!

সময় কলকাতা ডেস্ক, ৯ এপ্রিল: হুগলিতে সিপিএমের মিছিলের রুট বদল। রিষড়ায় মিছিল ঢুকতে দেবে না পুলিশ। রবিবার রিষড়ার সীমানা এলাকা বাগখাল থেকে উত্তরপাড়া গৌরী সিনেমা হল পর্যন্ত সম্প্রীতি মিছিলের ডাক দিয়েছে রাজ্য বামফ্রন্ট। মিছিলে থাকার কথা সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর। কিন্তু আগের রাতে রুট বদল করে দিল পুলিশ। শনিবার প্রশাসন বাম নেতৃত্বকে জানিয়ে দিয়েছে, কোনওভাবেই রিষড়ার সীমান্ত এলাকা থেকে মিছিল শুরু করা যাবে না। মিছিল শুরু মানে বড় জমায়েত। সেই ঝুঁকি নিতে চায় না প্রশাসন।
পুলিশের দাবি, কোন্নগর বাটা মোড় থেকে মিছিল শুরু করা যেতে পারে। চন্দননগর কমিশনারেটের তরফে জেলা সিপিএমকে জানানো হয়েছে, শ্রীরামপুর থেকে পান্ডুয়া পর্যন্ত কোনও মিছিলমুখী গাড়ি যেন জিটি রোড দিয়ে রিষড়ার উপর দিয়ে না আসে। বিকল্প রুটের বিষয়ে বৈদ্যবাটি নেতাজি মোড় বা শ্রীরামপুর নওগাঁ মোড় দিয়ে সেই গাড়িগুলি যেন দিল্লি রোড ধরে নেয়।

আরও পড়ুন    শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হুগলি ও হাওড়া জেলায় দু’দিন ধরে মহামিছিলের ডাক

উল্লেখ্য,রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে হুগলী ও হাওড়া জেলায় দু’দিন ধরে মহামিছিলের আহ্বান জানিয়েছে সিপিআইএম সহ বামপন্থী দলগুলি। ৯ এবং ১০ এপ্রিল বামপন্থী দলগুলির আহবানে এই মিছিল হবে যথাক্রমে কোন্নগর থেকে উত্তরপাড়া এবং বালি থেকে শিবপুর পর্যন্ত। ৯ এপ্রিল রবিবার এই শান্তি ও সম্প্রীতির মিছিল হুগলীর কোন্নগর বাগখাল থেকে বেলা ৩টেয় রওনা হয়ে উত্তরপাড়ায় গৌরী সিনেমা সংলগ্ন এলাকায় পৌঁছনোর পর বিকেল সাড়ে ৪টেয় সমাবেশ অনুষ্ঠিত হবে। পরের দিন ১০ এপ্রিল সোমবার দুপুর ২-৩০ মিনিটে সংক্ষিপ্ত সভার পরে হাওড়ার বালিখাল থেকে ফের মিছিল শুরু হয়ে জিটি রোড ধরে শিবপুর ট্রাম ডিপোর সামনে শেষ হবে। মিছিল শেষে শিবপুর ট্রাম ডিপো মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এবং শ্রমিক কৃষক জনগণের ঐক্য গড়ে তোলার লক্ষ্যে শান্তির এই মহামিছিলে সর্বস্তরের মানুষকে শামিল হতে আহবান জানানো হচ্ছে।’

গত ৩০ মার্চ রামনবমীর দিন দেশের বিভিন্ন প্রান্তে অস্ত্রসহ মিছিল সংগঠিত হয়েছে। উৎসবের এই মিছিলকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনাও ঘটেছে। রিষড়ায় রামনবমীর মিছিলে অংশ নিয়েছিলেন দিলীপ ঘোষ, পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ, শ্রীরামপুরে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক-সহ একাধিক নেতা,বিধায়ক। অশান্তির জেরে নিরাপত্তা বিঘ্নিত হয় বিজেপি সাংসদ তথা সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের। যদিও নিরাপত্তা রক্ষীরা তাঁকে সময়মতো ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ায় বড় কোনও বিপদ হয়নি। এরপরই টানা তিনদিন ধরে এলাকায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। সূত্রের খবর,রিষড়া ৫ নং ওয়ার্ড এলাকায় জিটি রোডের উপর আচমকাই মিছিলে হামলা চলে বলে অভিযোগ। চলে ইটবৃষ্টি। তাতে মোহন আদকের গাড়ির কাঁচ ভাঙে, আহত হন বিধায়ক বিমান ঘোষও। তাঁদের তড়িঘড়ি সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আহত বিধায়ককে হুইলচেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হাসপাতালে। সরব বিজেপি। সাংবাদিক বৈঠক করে রাজ্য প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে অভিযোগে কার্যত ফেটে পড়েন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

About Post Author