সময় কলকাতা, ১৫ অগাস্ট : নদিয়ায় রক্তাক্ত স্বাধীনতা দিবস। ১৫ আগস্ট, শনিবার নাকাশিপাড়ার কংগ্রেস নেতা আনিসুর রহমানের পরিবারে নেমে এসেছে অন্ধকার দিন। নৃশংসভাবে কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে গুলি করে ও কুপিয়ে খুন করা হয়েছে। বেথুয়াডহরি রেলগেটের কাছে এই ভয়াবহ ঘটনাটি ঘটে।
আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান দুজনে যখন মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন, তখন দুষ্কৃতীরা গাড়িতে এসে আচমকা তাঁদের পথ আটকায়। দুষ্কৃতীরা প্রথমে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানোর বা কুপিয়ে মারার চেষ্টা করে। মৃত্যু সুনিশ্চিত করতে এরপর অত্যন্ত কাছ থেকে তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালানো হয়।রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তিনি জানিয়েছেন যে, রাজ্যে বিরোধী ও সংখ্যালঘুদের কণ্ঠরোধ করার যে অপচেষ্টা চলছে, তার বিরুদ্ধে কংগ্রেসের লড়াই জারি থাকবে।এই খুনের ঘটনার প্রতিবাদে রবিবার রাজ্য জুড়ে ‘কালা দিবস’ পালনের ডাক দিয়েছে প্রদেশ কংগ্রেস। ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটিকে শুভঙ্কর সরকার ইতিমধ্যেই রাজনৈতিক খুনের তকমা দিলেও পুলিশ সব দিক খতিয়ে দেখছে। রাজনৈতিক নাকি পারিবারিক শত্রুতার জেরে খুন তাও খতিয়ে দেখা হচ্ছে।।


More Stories
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
খুদে বিস্ময় হানভিকা