Home » ধৃতকে জেরা করেই মিলবে রাজু ঝা খুনের রহস্য

ধৃতকে জেরা করেই মিলবে রাজু ঝা খুনের রহস্য

সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল: কয়লা মাফিয়া রাজু ঝা খুনে ১৯ দিনের মাথায় প্রথম গ্রেপ্তারি। অভিজিৎ মণ্ডল নামে দুর্গাপুরের এক যুবককে আটক করেছে পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কাঁকসা থানার আধিকারিকদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে সাংবাদিক বৈঠক করে জানালেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার। ধৃতকে জেরা করলেই বাকি অভিযুক্তদের হদিশ মিলবে বলে আশাবাদী তদন্তকারীরা।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল পূর্ব বর্ধমানের শক্তিগড়ে দুষ্কৃতীরা গুলিতে ঝাঁজরা করে দেয় রাজু ঝাকে। নীল গাড়িতে চেপে এসে কাজ সেরে আবার ওই গাড়িতেই চম্পট দেয় শার্প শুটাররা। ঘটনাস্থলে একটি নীল রঙের বাইকেরও অস্তিত্ব পাওয়া যায়। তাতে শার্প শুটারদের সঙ্গে থাকা একজনকে চেপে পালাতে দেখা গিয়েছে। পরে ওই নীল চারচাকা গাড়িটি শক্তিগড় থানার অদূরে উদ্ধার করা হয়। এই নীল গাড়িটিকে ঘটনার ভোরে পশ্চিম বর্ধমানের ডুবুরডিহি চেক পোস্ট দিয়ে ঝাড়খণ্ড-বিহারের দিকে যেতে ও ওইদিন দুপুরে আবার ফিরে আসতে দেখা যায়। কিন্তু গাড়ির হদিশ পাওয়া গেলেও রহস্যের শিকড়ে পৌঁছতে পারছিলেন না তদন্তকারীরা। কারণ, ওই নীল গাড়িটি দিল্লি থেকে চুরি করা হয়েছিল বলেই জানতে পারে তদন্তকারীরা।

আরও পড়ুন    নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলার ঘটনায় এখনই কঠোর পদক্ষেপ গ্রহণ নয়, নির্দেশ বিচারপতি মান্থার

এবার ১৯ দিনের মাথায় অবশেষে পুলিশের জালে বাঁকুড়ার ছেলে বর্তমানে দুর্গাপুরের কর্মরত অভিজিৎ মন্ডল। জানা গিয়েছে, কাঁকসা গোপালপুর এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় অভিজিৎকে। বুধবারই আদালতে তোলা হবে ধৃতকে। পুলিশের অনুমান, ধৃতকে জেরা করলেই রাজু ঝা হত্যা রহস্যের কিনারা করা সম্ভব হবে। প্রসঙ্গত, অভিজিতের আসল বাড়ি বাঁকুড়ায়। রানিগঞ্জের মাফিয়া নারায়ণ গেরফার গাড়ি চালাত এই অভিজিৎ। দীর্ঘদিন ধরে রাজুর সঙ্গে বালি ও কয়লা সংক্রান্ত বিরোধ ছিল নারায়ণের।

About Post Author