সময় কলকাতা ডেস্ক, ১৯ এপ্রিল: জীবনকৃষ্ণ সাহাকে গ্রেপ্তারির পর থেকেই একের পর চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে। এবার তদন্তকারী সংস্থার নজরে বিধায়কের স্ত্রী টগরি সাহা ও তাঁর শ্যালকের চাকরি। পাশাপাশি বুধবার বিধায়কের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল সিবিআই। এখনও পর্যন্ত অনুসন্ধান করে জীবনকৃষ্ণর নামে আপাতত দশটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস মিলেছে। গোয়েন্দাদের অনুমান, ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে সন্দেহজনক লেনদেন হয়ে থাকতে পারে। অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার পাশাপাশি ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছ থেকে লেনদেনের যাবতীয় তথ্য ও তার নথিপত্র চাওয়া হবে।
আরও পড়ুন এবার নিউইয়র্কের ট্রিবেকা ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘আদিপুরুষ’
জীবনকৃষ্ণর বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে যুক্ত বিধায়ক শুধু যে অর্থের বিনিময়ে বাইরের লোকেদের চাকরি পাইয়ে দিয়েছেন তা নয়। স্ত্রীর স্কুলের চাকরির নেপথ্যেও রয়েছে বিধায়ক নিজেই। এমনকী শ্যালককেও চাকরি পাইয়ে দিয়েছেন জীবনকৃষ্ণ। এলাকাবাসীর অভিযোগ, স্বামী প্রভাবশালী হওয়ায় ইচ্ছা মতন স্কুলে যেতেন টগরি সাহা। অধিকাংশ দিনই তিনি স্কুলে যেতেনই না। অন্যদিকে ফেল করেও নাকি চাকরি পেয়েছিলেন টগরি সাহার ভাই। ফলত এবার সিবিআইয়ের নজরে বিধায়কের স্ত্রী ও শ্যালকের চাকরি।

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। ইতিমধ্যেই তদন্তে নেমে জীবনকৃষ্ণের আয় বহির্ভূত সম্পত্তি চক্ষু চড়ক গাছ তদন্তকারী আধিকারিকদের। এমনকী নির্বাচনী হলফনামায় যে সম্পত্তির কথা উল্লেখ করেছিলেন জীবনকৃষ্ণ, তার চেয়েও অনেক বেশি সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। সূত্রের খবর, বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নিজের ৮ টি অ্যাকাউন্ট আর স্ত্রী টগরীর ৩ ব্যাংক অ্যাকউন্ট রয়েছে। হিসেব বলছে, তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৩০০ কোটি ছাড়াতে পারে। পেশায় জীবনকৃষ্ণ স্কুলের শিক্ষক। কিন্তু বিধায়ক হওয়ার ‘সুবাদে’ই কখনও বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে আর স্কুলে পড়াতে যেতে হত না। বরং মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় তিনি ব্যবসায় বেশি মন দিয়েছিলেন।

রাইস মিল থেকে শুরু করে নামে-বেনামে প্রচুর জমি, সম্পত্তির হদিশ পায় সিবিআই। জীবনকৃষ্ণবাবু ও স্ত্রী টগরীর নামে ১১টি অ্যাকাউন্টে মোট ১ কোটি ১২ লক্ষ ৯৮ হাজার ৬৩০ টাকার হদিশ পেয়েছে সিবিআই। এর মধ্যে আটটি অ্যাকাউন্ট জীবনকৃষ্ণের নিজের এবং তিনটি স্ত্রী টগরীর নামে। জীবনকৃষ্ণর একটি অ্যাকাউন্টে রয়েছে ৪০ লক্ষ ৬ হাজার ৪১২ টাকা। তাঁর স্ত্রী টগরীর নামে রয়েছে ২৭ লক্ষ ৭৬ হাজার ৩৪২ টাকা। মুর্শিদাবাদের বাইরে তিন জেলা তো বটেই, জেরা করে জামবনিতেও জমির খোঁজ পেয়েছেন বলে দাবি তদন্তকারীদের। সূত্রের দাবি, জীবনের আয় বহির্ভূত সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। খোঁজ মিলেছে একাধিক এজেন্টের নাম, মোবাইল নম্বর সহ একাধিক তথ্যও। তাঁদের সঙ্গে জীবনের কীভাবে তথ্য ও টাকাপয়সা দেওয়া নেওয়া হত, আদৌ তা হত কি না সেই সংক্রান্ত তথ্যও জীবনকে জিজ্ঞাসাবাদে মিলেছে বলে দাবি সিবিআইয়ের।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে টানা ৬৫ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শেষমেশ সিবিআই-এর হাতে গ্রেফতার হন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। নিয়োগ দুর্নীতিকাণ্ডে গত তিনদিন ধরে বড়ঞার এই তৃণমূল বিধায়কের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় সিবিআই। শেষে সোমবার ভোর ৫টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিকাণ্ডে অসহযোগিতা, তথ্য প্রমাণ লোপাটের মতো অভিযোগ রয়েছে। এদিন সকাল ১১ টা নাগাদ জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। এরপরই আদালতে জীবনকৃষ্ণকে তোলা হলে জামিনের আবেদন করেন তিনি। কিন্তু আদালতে এদিন খারিজ হয়ে যায় সেই আবেদন। অভিযোগ,জীবনকৃষ্ণ সাহা নাকি টাকার বিনিময় চাকরি পাইয়ে দিয়েছেন। এমনকী চাকরিপ্রার্থীদের নাম সুপারিশ করতেন বলেও সিবিআই সূত্রে খবর। এছাড়াও নিয়োগ দুর্নীতিতে জড়িত বিভিন্ন জনের মুখে উঠে এসেছে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার নাম।


More Stories
প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেফতার, সরব মহুয়া
দিদি যতদিন, আমিও তাঁর পাশে ততদিন : দেব
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির