সময় কলকাতা ডেস্ক, ২৬ এপ্রিল : আমের আচার পছন্দ করেন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না। গ্রীষ্মের শুরু মানেই আমের মরশুম। আর এই আমের মরশুমে বাড়িতে বাড়িতে তৈরি করা হয় আমের বিভিন্ন পদ। কেউ আমের চাটনি খায় তো কেউ আবার আচার। কাঁচা আমের ডাল খেতেও এই গরমে দারুণ লাগে। আর মশলা মাখানো কাঁচা মিঠা আমের তো কোনো তুলনাই হয় না। কিন্তু ম্যাংগো দিয়ে মটন করলে কেমন হয়? ঠাকুর বাড়িতে যে কাঁচা আম দিয়ে মাংস রান্না হত, সেটা অনেকেরই জানা। পূর্ণিমা ঠাকুরের ‘ঠাকুর বাড়ির রান্না’, কিংবা প্রজ্ঞাসুন্দরী দেবীর ‘আমিষ ও নিরামিষ আহার’ বইগুলো পড়লে এরকম অনেক অজানা রান্নার কথা জানা যায়। শুধু ঠাকুর বাড়ি নয় সেকালে অনেক অভিজাত পরিবারে এইরকম ধরণের ইউনিক রান্না হত। এই রান্নাটির বিশেষত্ব হল এখানে রসুনের ব্যবহার হয় না। এই রান্নাটিতে আলুর পাশাপাশি জায়গা করে নিয়েছে পটল। এখনও কাঁচা আমের মরশুম চলছে। তাই এই সুযোগে আম দিয়ে মটনও রান্না করা যেতে পারে। সুস্বাদু ম্যাংগো দিয়ে তৈরী মটন কারির রেসিপিটা দেখে নিন এক নজরে-

উপকরণ
খাসির মাংস (মটন),আলু, কাঁচা আম, পটল, তেল , হলুদ গুঁড়ো, চিনি, ঘি, লঙ্কা গুঁড়ো, নুন, পেঁয়াজ, আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, দই

রন্ধন পদ্ধতি
প্রথমেই মাংস ভালো করে ধুয়ে নিতে হবে। এবার আদা ও পেঁয়াজ বেটে নিন। ওই আদা, পেঁয়াজ বাটা পরিমান মতো নিয়ে তাতে সামান্য নুন এবং অল্প ঘি মাংসতে মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন। কমপক্ষে চার ঘণ্টা মাংস ম্যারিনেট করে রাখতে হবে। হাতে সময় থাকলে সারারাত ম্যারিনেট করতে দিন। এতে মাংসের স্বাদ আরও বেড়ে যায়। এবার পরিমান মতো কাঁচা আম কুচিয়ে নিন। আলু বড় বড় পিস করে কেটে নিন। পটল ডুমো ডুমো করে কেটে নিন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে সামান্য পরিমান নুন এবং হলুদ দিয়ে আলু এবং পটল ভালো করে ভেজে তুলে রাখুন। এরপর কড়াইয়ে ঘি গরম করে তাতে তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোঁড়ন দিন। সুন্দর গন্ধ উঠলে তাতে ম্যারিনেট করা মাংস ঢেলে দিন।

এবার যোগ করুন সামান্য নুন,হলুদ, লঙ্কা গুঁড়ো এবং চিনি। সমস্ত সংমিশ্রণটি ভালো করে নাড়তে থাকুন। প্রয়োজন মতো অল্প অল্প করে জল দেবেন। ভালো করে কষে নিন। খেয়াল রাখবেন কড়াইয়ের নীচটা যেন লেগে না যায়। যতক্ষণ না মাংসের রং পরিবর্তন হচ্ছে এবং কড়ায় থেকে তেল ছাড়ছে,ততক্ষণ মাংস কষিয়ে যান। তারপর দিয়ে দিন গরম জল, কাঁচা আম, ভাজা আলু এবং পটল। সমস্ত উপরকরণ মিশিয়ে নিয়ে নাড়তে থাকুন। যতক্ষণ না মাংস সিদ্ধ হচ্ছে ততক্ষণ মাংস কষিয়ে যান। মাংস নরম হয়ে গেলে ঝোল ঘন করার জন্য মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিন। রান্না হওয়ার পর কড়াই বেশ কিছুক্ষণ ঢেকে রাখুন। ব্যাস তৈরী ম্যাংগো মটন কারী। গরম গরম ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে একেবারে জমে যাবে এই পদ।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি