Home » ‘লাল মানিক’ কী তবে রাজনৈতিক অবসর নিলেন?

‘লাল মানিক’ কী তবে রাজনৈতিক অবসর নিলেন?

সময় কলকাতা ডেস্ক, ২৯ এপ্রিল: দিল্লিতে চলছে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সিপিআইএম সূত্রের খবর, ত্রিপুরার বিধানসভা নির্বাচনের দলীয় পর্যালোচনার রিপোর্ট জমা পড়েছে কেন্দ্রীয় কমিটিতে। তা নিয়ে চলছে আলোচনা। চুলচেরা বিশ্লেষণ। রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী থেকে, ত্রিপুরার অন্য কেন্দ্রীয় কমিটির সদস্যরা উপস্থিত আছেন। কিন্তু কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএমের পলিটব্যুরো সদস্য মানিক সরকার। তিনি কেন নেই বৈঠকে! “লাল মানিক”-এর অনুপস্থিতি নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে,তবে কী রাজনৈতিক অবসর নিলেন মানিক সরকার?

আরও পড়ুন  কালিয়াগঞ্জ কাণ্ডে ধৃতদের ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ রায়গঞ্জ জেলা আদালতের


দিল্লিতে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকে মানিক সরকারের অনুপস্থিতি নিয়ে জোর আলোচনা চলছে ত্রিপুরা জুড়ে। চায়ের দোকানের আড্ডা থেকে বাসে, সব জায়গায় এক আলোচনা। প্রশ্ন উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী কী রাজনৈতিক সন্ন্যাস নিচ্ছেন! সব জল্পনা উড়িয়ে দিয়েছে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। সূত্রের খবর শারীরিক অসুস্থতার কারণে দিল্লিতে কেন্দ্রীয় কমিটির বৈঠকে যাননি প্রাক্তন মুখ্যমন্ত্রী।

ত্রিপুরার বিধানসভা নির্বাচনে আগে বামেদের আশা ছিল এবার পরিবর্তন ঘটতে চলেছে। গেরুয়া নয় ত্রিপুরায় উড়বে লাল পতাকা। জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল। এবার ভোটে দাঁড়াননি প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। ত্রিপুরার ৬০টি আসনেই তিনি ছিলেন বাম কংগ্রেস জোটের সেনাপতি। কিন্তু নির্বাচনের ফলাফলে আশাহত বামেরা। ত্রিপুরার মসনদ দখল তো দূরের কথা, রাজ্য বিধানসভায় বিরোধী দলের তকমাও হারিয়েছে। কিন্তু কেন এত খারাপ ফল! সেই প্রশ্নের উত্তর খুঁজতে আলোচনায় বসেছে সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি বলে সূত্রের খবর। সিপিআইএমের ত্রিপুরা রাজ্য নেতৃত্বের দেওয়া রিপোর্টে আঞ্চলিক দল তিপ্রা মথা-র সঙ্গে ভোট বিভাজনের কথা উল্লেখ করা হয়েছে।

About Post Author