Home » কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা গ্রহণ হাইকোর্টে

কালিয়াগঞ্জে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলা গ্রহণ হাইকোর্টে

সময় কলকাতা ডেস্ক,২ মেঃ কালিয়াগঞ্জে পুলিশি অভিযানে রাজবংশী যুবকের মৃত্যুর ঘটনায় জল গড়াল আদালতে। মঙ্গলবার সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ  মামলা দায়ের করলেন মৃত যুবক মৃত্যুঞ্জয় বর্মনের দাদা মৃণালকান্তি বর্মন। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়েরের আবেদন মঞ্জুর করা হয়। বুধবার এই মামলা শুনানির সম্ভাবনা বলে আদালত সূত্রে খবর। গত বুধবার রাতে সীমান্তবর্তী রাধিকাপুর গ্রামে পুলিশের অভিযান চলার সময়ে মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে পুলিশ ঢুকে পড়ে বলে অভিযোগ। তাঁর বাবাকে পুলিশ গ্রেফতার করতে গেলে পুলিশ গুলি চালায়। অভিযোগ, তাতেই মৃত্যুঞ্জয়ের মৃত্যু হয়। ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। সোমবারই ঘটনার তদন্তভার সিআইডি-কে দেওয়া হয়। সিআইডি দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়ে। সোমবারই ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন আধিকারিকরা। কিন্তু মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবিতে অনড়।

উল্লেখ্য, গত বুধবার কালিয়াগঞ্জের সীমান্তবর্তী রাধিকাপুর পঞ্চায়েত এলাকায় পুলিশি অভিযান চলাকালীন বাধা দিতে গিয়ে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক যুবকের মৃত্যু হয়। অভিযোগ, পুলিশের গুলিতেই মৃত্যু হয়েছে রাজবংশী যুবকের। ময়নাতদন্তের রিপোর্টেও তাঁর শরীরে বুলেটের আঘাত মিলেছে। এরপরই মৃতের দাদা মৃণাল বর্মন কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। তাঁর অভিযোগ,ওইদিন পুলিশি অভিযান চলে এএসআইয়ের নেতৃত্বেই। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে রাধিকাপুর। এমনকী শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানউতোর।

আরও পড়ুন   কর্ণাটকে কংগ্রেসের ইস্তাহার প্রকাশ, প্রতিশ্রুতির ছোঁয়া কেজরিওয়ালের

এই ঘটনায় আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস সোমবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলাও দায়ের করেন। তাঁর আবেদন, এই ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সির হাতে দেওয়া হোক। ইতিমধ্যেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম মামলা করার অনুমতিও দিয়েছেন। চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

About Post Author