Home » জেলায় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

জেলায় জেলায় জারি তাপপ্রবাহের সতর্কতা

সময় কলকাতা ডেস্ক,৩ জুনঃ তীব্র দাবদাহের মাঝেই নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বাড়ছে ভ্যাপসা গরমও। কলকাতা সহ জেলায় জেলায় ক্রমশ ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। আগামী দু’দিনের মধ্যে তাপমাত্রার পারদ আরও বৃদ্ধি পাবে বলেই হাওয়া অফিস সূত্রে খবর। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তারই মধ্যে শনি এবং রবিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর ২৪ পরগনা,দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।

আরও পড়ুন  বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩    

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা। সকাল না হতেই বাড়ছে তাপমাত্রার পারদ। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৪০ থেকে ৮৮ শতাংশ।

পূর্বাভাস বলছে, আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। লু বইতে পারে পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে। শনিবার থেকে তাপপ্রবাহের সতর্কতা জারি দুই বর্ধমান, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদহ, দুই দিনাজপুরে। এদিকে, ‘বিপর্যয়’ এবং ‘তেজ’ নামের এই দুই সাইক্লোন তৈরির সম্ভাবনা রয়েছে। যদিও মৌসম ভবনের তরফে এখনও পর্যন্ত কিছুই জানানো হয়নি। জানা গিয়েছে,আরব সাগরের উপর একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যদিও তা কতটা শক্তিশালী হবে তা এখনও স্পষ্ট নয়।

About Post Author