সময় কলকাতা ডেস্ক, ১০ জুনঃ রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর! এবার সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার দিকে বাড়তি নজর দিতে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। খুব শীঘ্রই সরকারি হাসপাতালে ওষুধ বিতরণের নিয়মে বড়সড় বদল আনতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের সব স্তরের সরকারি হাসপাতালের রোগীদেরই বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। সাধারণত হাসপাতাল থেকে রোগীদের খামে করেই ওষুধ দেওয়া হয়। কিন্তু, এখন থেকে সেই খামে বাংলা ভাষায় লিখে দিতে হবে রোগীর ওষুধ খাওয়ার পরিমাণ ও নিয়মাবলী। ইতিমধ্যেই স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম একটি নির্দেশিকা জারি করেছেন।

নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সব সরকারি হাসপাতালের ফার্মেসি থেকে যখন রোগীর জন্য ওষুধ নেওয়া হবে, তখন প্রত্যেক ধরনের ওষুধ আলাদা খামে ভরে দিতে হবে। এমনকী খামের উপর রবার স্ট্যাম্প দিয়ে বাংলায় ওষুধ খাওয়ার সময়, পরিমাণ ও নিয়ম লিখে দিতে হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নতির পাশাপাশি বিনামূল্যে রোগীদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সর্বদাই বাড়তি জোর দেওয়া হয়ে থাকে। কার্যত সেকারণেই ইংরেজি না জানা রোগীদের নিয়ম মেনে ওষুধ খেতে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণেই ওষুধের খামে বাংলায় পরিমাণ ও নিয়মাবলী লেখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন তীব্র দাবদাহ শেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল তিলোত্তমা, একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ
পাশাপাশি রাজ্য সরকারের নেওয়া এই সিদ্ধান্তের ফলে একদিকে যেমন রোগীদের সুরক্ষা নিশ্চিত হবে, তেমনই বাংলার ভাষার ব্যবহারও বাড়বে। বর্তমানে রাজ্যের প্রচুর মানুষ সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবার উপর নির্ভরশীল। চিকিৎসকদের ইংরেজিতে লেখা প্রেসক্রিপশন বেশিরভাগ মানুষেরই পড়া অসম্ভব হয়ে ওঠে ইংরেজি না জানার কারণে। ফলে ওষধু খাওয়ার ক্ষেত্রে প্রায়শই ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা থেকেই যায়। স্বাভাবিকভাবেই এই নিয়ম চালু হলে রোগীরাও খুব সহজেই নিয়ম করে এবং নির্দিষ্ট সময় অনুযায়ী ওষুধ খেতে পারবেন।

এই প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিম ভট্টাচার্য বলেন, ‘কখন ওষুধ খেতে হবে, কী ওষুধ খেতে এবং কোন নিয়ম মেনে খেতে হবে, তা সবাই যাতে ঠিক মতো বুঝতে পারে, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রোগীদের ক্ষেত্রে বিষয়টা অনেক সহজ হবে। রোগীদের ওষুধ নিয়ে ভুলের ফলে যাতে অন্য কোনও সমস্যা তৈরি না হয়, সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই সব সরকারি হাসপাতালের ক্ষেত্রেই এই নিয়ম মেনে রোগীদের ওষুধ বিতরণ করা হবে। এতে রোগীদের অনেক সুবিধা হবে।’


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের