Home » পঞ্চায়েত ভোটে মনোনয়নের প্রথম দিনই মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন

পঞ্চায়েত ভোটে মনোনয়নের প্রথম দিনই মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন

সময় কলকাতা ডেস্ক, ১০ জুনঃ রাজ্যজুড়ে ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। পঞ্চায়েত ভোটে নির্ঘন্ট প্রকাশ হওয়ার পরই কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক বিরোধী দুই শিবিরই। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা শুরু হয়েছে। আর মনোনয়নের প্রথম দিনই সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামে খুন হয়ে গেলেন এক কংগ্রেসকর্মী। জানা গিয়েছে, নিহতের নাম ফুলচাঁদ শেখ। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে ফুলচাঁদকে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনায় আহত কংগ্রেসের ৩ কর্মী। আহত এক তৃণমূল কর্মীও।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এদিন বাড়ির সামনে শিশু সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন ফুলচাঁদ। সেখানে কিছু তৃণমূলের লোকজন এসে হম্বিতম্বি শুরু করে। সেই সময় নাকি ফুলচাঁদ তাঁদের বলেন, ঝামেলা না করতে। সঙ্গে সঙ্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর ৬ রাউন্ড গুলি করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর সেখানেই তাঁর মৃত্যু হয়। ফুলচাঁদের গ্রামে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই মুর্শিদাবাদের একাধিক জায়গা রাজনৈতিক সংঘর্ষে তেতে উঠেছিল। সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তুলকালাম কাণ্ড বাঁধে। দুপুরে রানিনগরে তৃণমূলকর্মীদের রাস্তায় পেটানোর অভিযোগ ওঠে সিপিএম-কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। সন্ধ্যায় কান্দির খড়গ্রামে খুন হয়ে গেলেন কংগ্রেসকর্মী।

প্রসঙ্গত,দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করেন নব নিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তবে পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী? পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা দেবে কে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রাজীব সিনহা রাজ্য পুলিশের ওপর আস্থা রাখার ইঙ্গিতই দিয়েছেন। জানা গিয়েছে ৮ জুলাই, শনিবার রাজ্যে ৬৩ হাজার ২৮৩টি আসনে একদফাতেই ভোট গ্রহণ করা হবে। আগামী ৯ জুন থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হবে। ১৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ১১ জুলাই গণনা ও ফলাফল ঘোষণা।

আরও পড়ুন    ভূপতিনগর বিস্ফোরণকাণ্ডের তদন্তভার নিল এনআইএ

আরও পড়ুন    ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’, বর্ষার আগমনে বাধা হল ঘূর্ণিঝড়

রাজ্যে মোট ২২টি জেলায় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩টি। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪। পঞ্চায়েত ভোটে মোট ভোটার হল ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪। সবচেয়ে বেশি সংখ্যক ভোটার রয়েছে মুর্শিদাবাদে। সবচেয়ে কম ভোটার রয়েছেন কালিম্পংয়ে। অন্যদিকে, শুক্রবার অর্থাৎ ৯ জুন থেকেই’’ রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাচ্ছে। ফলে রাত ১০টা থেকে সকাল ৮ পর্যন্ত মিটিং মিছিল করা যাবে না। তবে বর্ষায় ভোট হওয়ায় গ্রামে ভোট দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। পাশাপাশি সর্বদলীয় বৈঠক না করেই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ।

About Post Author