Home » রণক্ষেত্র ডোমকল, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি

রণক্ষেত্র ডোমকল, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি

সময় কলকাতা ডেস্ক, ১০ জুনঃ পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর। তার রেশ কাটার আগেই শনিবার সকাল থেকে তেতে উঠল ডোমকল। মনোনয়নপত্র জমা দেওয়াকে ঘিরে অশান্তির সূত্রপাত।অভিযোগ, ডোমকলে বিডিও অফিসে মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে বিরোধীদের বাধা দেওয়া হয়। সিপিএম ও কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের কর্মীরা বিডিও অফিস ঘিরে রাখে, যাতে সেখানে কেউ ঢুকতে না পারে। রাস্তাতে ধরেই ব্যপক মারধর করা হয় তাঁদের। ঘটনা ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় বিডিও অফিস চত্বর।

আরও পড়ুন   পঞ্চায়েত ভোটে মনোনয়নের প্রথম দিনই মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন

বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। তৃণমূল বাহিনীর বিরুদ্ধে অভিযোগ গোটা বিডিও অফিস চত্ত্বর ঘিরে রেখেছে। ব্লকের ভিতরে কেউ মনোনয়নপত্র জমা করতে গেলে তাকে বাধা দেওয়া হচ্ছে। পুলিশের সামনেই এক সিপিআইএম কর্মীকে ব্যাপক মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ডোমকল থানার বিশাল পুলিশ বাহিনী

প্রসঙ্গত,রাজ্যজুড়ে ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। পঞ্চায়েত ভোটে নির্ঘন্ট প্রকাশ হওয়ার পরই কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক বিরোধী দুই শিবিরই। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা শুরু হয়েছে। আর এদিনই সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামে খুন হয়ে গেলেন এক কংগ্রেসকর্মী। মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামের ঘটনা। জানা গিয়েছে, নিহতের নাম ফুলচাঁদ শেখ। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে ফুলচাঁদকে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনায় আহত কংগ্রেসের ৩ কর্মী। আহত এক তৃণমূল কর্মীও।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এদিন বাড়ির সামনে শিশু সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন ফুলচাঁদ। সেখানে কিছু তৃণমূলের লোকজন এসে হম্বিতম্বি শুরু করে। সেই সময় নাকি ফুলচাঁদ তাঁদের বলেন, ঝামেলা না করতে। সঙ্গে সঙ্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর ৬ রাউন্ড গুলি করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর সেখানেই তাঁর মৃত্যু হয়। ফুলচাঁদের গ্রামে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই মুর্শিদাবাদের একাধিক জায়গা রাজনৈতিক সংঘর্ষে তেতে উঠেছিল। সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তুলকালাম কাণ্ড বাঁধে। দুপুরে রানিনগরে তৃণমূলকর্মীদের রাস্তায় পেটানোর অভিযোগ ওঠে সিপিএম-কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। সন্ধ্যায় কান্দির খড়গ্রামে খুন হয়ে গেলেন কংগ্রেসকর্মী।

About Post Author