সময় কলকাতা ডেস্ক, ১০ জুনঃ বেজে পঞ্চায়েত ভোটের দামামা। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রথম দিনেই মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক কংগ্রেস কর্মীর। তার রেশ কাটার আগেই শনিবার সকাল থেকে তেতে উঠল ডোমকল। কার্যত সেকারণেই আগামী ১৩ জুন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যে একাধিক জায়গায় বিরোধী দলকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠে আসছে। এই আবহের মাঝেই শনিবার সর্বদলীয় বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন।

পঞ্চায়েত ভোট ঘোষণার দিনই রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলে দিয়েছিলেন সর্বদলীয় বৈঠক না হওয়ায়। শুভেন্দুর বক্তব্য ছিল, কোনওরকম সর্বদলীয় বৈঠক না করেই একতরফাভাবে ভোট ঘোষণা করা হয়েছে। ৯ ই জুন থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময়। যদিও প্রথম দিন থেকেই জেলায় জেলায় বিরোধীদের শাসকের সন্ত্রাসের মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ। একাধিক জায়গায় বিরোধীদের হাত থেকে মনোনয়নপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র কেড়ে নেওয়া হয়েছে। অনেক জায়গাতেই বাঁশ লাঠি নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে।

শুক্রবারই এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে প্রথম প্রাণ হারালেন একজন কংগ্রেস কর্মী। শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল রাজ্যের বিভিন্ন এলাকা। ডোমকলে অশান্তি চরণে পৌঁছায়। এরপরই মুর্শিদাবাদের জেলাশাসককে নাকি সরাসরি ফোন করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। রাজ্যজুড়ে পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক সন্ত্রাসের প্রতিবাদে শনিবার রাজ্য নির্বাচন কমিশনারের অফিস ঘেরাওয়ের ডাক দেয় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে শেক্সপিয়ার সরণি। ঘটনাস্থলের দিল ছড়া দূরত্বেই শেক্সপিয়ার থানা। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের এরপর জোর করে পিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারের সেন্ট্রাল লকাপে।
আরও পড়ুন পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের সিরিজে এবার নতুন অবতারে অনির্বাণ
প্রসঙ্গত,দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের তারিখ ঘোষণা করেন নব নিযুক্ত নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তবে পঞ্চায়েত ভোটের নিরাপত্তায় রাজ্য পুলিশ নাকি কেন্দ্রীয় বাহিনী? পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা দেবে কে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে রাজীব সিনহা রাজ্য পুলিশের ওপর আস্থা রাখার ইঙ্গিতই দিয়েছেন। জানা গিয়েছে ৮ জুলাই, শনিবার রাজ্যে ৬৩ হাজার ২৮৩টি আসনে একদফাতেই ভোট গ্রহণ করা হবে। আগামী ৯ জুন থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হবে। ১৫ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহার করার জন্য ২০ জুন পর্যন্ত সময় পাবেন পঞ্চায়েত ভোটের প্রার্থীরা। ১১ জুলাই গণনা ও ফলাফল ঘোষণা।

রাজ্যে মোট ২২টি জেলায় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোট পঞ্চায়েত আসন ৬৩ হাজার ২৮৩টি। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪। পঞ্চায়েত ভোটে মোট ভোটার হল ৫ কোটি ৬৭ লক্ষ ২১ হাজার ২৩৪। সবচেয়ে বেশি সংখ্যক ভোটার রয়েছে মুর্শিদাবাদে। সবচেয়ে কম ভোটার রয়েছেন কালিম্পংয়ে। অন্যদিকে, শুক্রবার অর্থাৎ ৯ জুন থেকেই’’ রাজ্যে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাচ্ছে। ফলে রাত ১০টা থেকে সকাল ৮ পর্যন্ত মিটিং মিছিল করা যাবে না। তবে বর্ষায় ভোট হওয়ায় গ্রামে ভোট দিতে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। পাশাপাশি সর্বদলীয় বৈঠক না করেই পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলির একাংশ।


More Stories
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
বিজেপি ইতিহাস জানে না, ভারতকে ধ্বংস করে দিচ্ছে : কাকলি ঘোষ দস্তিদার