সময় কলকাতা ডেস্ক, ১০ জুনঃ ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার ফের নতুন করে আতঙ্ক ছড়াল বালেশ্বরে। এবার রূপসা স্টেশনে একটি মালগাড়ির কামরায় আগুন লাগার খবর মিলল। সূত্রের খবর, শুক্রবার রাত থেকেই রূপসা স্টেশনে দাঁড়িয়ে ছিল একটি মালগাড়ি। শনিবার সকালে নজরে আসে ওই মালগাড়ির কামরা থেকে গলগল করে ধোঁয়া বের হচ্ছে। সেই সময় স্টেশনে যাঁরা ছিলেন তাঁদের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। জানা গেছে, ওই মালগাড়িতে কয়লা বোঝাই ছিল। তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। তবে কী কারণে, আগুন লাগল তা এখনও জানা যায়নি। সপ্তাহজুড়ে বেশ কয়েকটি রেল দুর্ঘটনার খবর সামনে এসেছে। কখনও মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়েছে, কখনও আবার এক্সপ্রেস ট্রেনে এসি কামরায় আগুন লাগার ঘটনা।

এদিকে গত দুদিন আগেই ওড়িশায় মালগাড়ি দুর্ঘটনা হয়। সেই দুর্ঘটনার ক্ষত এখনও দগদগে। জাজপুরে ৪ জন শ্রমিককে পিষে দিল মালগাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁদের। আহত হয়েছেন আরও ৪ জন। জানা গিয়েছে, বুধবার জাজপুর রোড স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির তলায় শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন শ্রমিকরা। হঠাৎই চলতে শুরু করে মালগাড়িটি। তাতেই ৪ জন শ্রমিক পিষে যান একেবারে। ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যেই বৃহস্পতিবার ওড়িশার নুয়াপাড়ায় পুরীগামী ট্রেনের এসি কামরার নীচে লেগে যায় আগুন। যদিও বড়সড় কোনও বিপদ এদিন ঘটেনি।
আরও পড়ুন রণক্ষেত্র ডোমকল, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তি

জানা গিয়েছে, এদিন রাত ১০ টার পরে ওড়িশার নুয়াপাড়ায় ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেসের এসি কোচের নীচে আগুন লেগে যায়। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে সেই আগুন লেগেছিল। খবর পেয়েই স্টেশনে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। রেলের কর্তারা জানিয়েছেন, ট্রেনের চেন টানার পর ব্রেক প্যাড ঠিকমতো কাজ করেনি। ব্রেক প্যাডের সংঘর্ষের জেরে আগুন লেগে যায়। যদিও দ্রুত আগুন নিভিয়ে ফেলেন দমকল কর্মীরা। কোচের মধ্যে আগুন ছড়ায়নি। কোনও হতাহতেরও খবর মেলেনি। রেল সূত্রে জানা গেছে, এক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাত ১১ টা নাগাদ ফের গন্তব্যের দিকে ছোঁটে ডাউন দুর্গ-পুরী এক্সপ্রেস।
আরও পড়ুন পঞ্চায়েত ভোটে মনোনয়নের প্রথম দিনই মুর্শিদাবাদে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের